বরিশাল বিভাগীয় কমিশনারের মাসিক পর্যালোচনা সভা: হরিণের মাংস দিয়ে ভুরিভোজ
রাজকীয় আয়োজনে বরিশাল বিভাগীয় কমিশনার ভোলার দ্বীপ মনপুরা উপজেলায় সোমবার ছয়জন জেলা প্রশাসককে নিয়ে মাসিক পর্যলোচনা সভা করেন। সভায় বিভাগের উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে ছয়টি জেলার আইন - শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়।
সভা শেষে বিভাগীয় কমিশনার এটিকেএম ইসমাইল ছয়জন জেলা প্রশাসককে নিয়ে স্থানীয় সাংসদ নাজিম উদ্দিন আলমের ভগ্নিপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরীর ‘মনপুরা ফিসারিজ লিমিটেড’ নামক খামার বাড়িতে এক ভুরিভোজে মিলিত হন।
খাদ্য তালিকায় ছিলো অবৈধ ভাবে শিকার করা হরিণের মাংস, চিংড়ি, কই, মাগুর, কোড়ালসহ ১০ ধরণের ভর্তা। । জানা গেছে, কর্তাদের খুশি করতে বিএনপি নেতা ভুরিভোজে হরিণের মাংস সরবরাহ করেন।
ভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসকরা রাতে ওই খামার বাড়িতেই রাত যাপন করেন।
এদিকে বিভাগীয় কমিশনার এবং ছয়জন জেলা প্রশাসকের মাসিক পর্যালোচনা সভায় মনপুরাতে অনুষ্ঠিত হওয়ায় মনপুরা - তজমুদ্দিন রুটে চলাচলকারী একমাত্র সরকারি নৌযান খিজির - ৪ কে রিজার্ভ রাখায় হয়। ফলে অসংখ্য যাত্রীকে পোহাতে হয় সীমাহীন দূর্ভোগ।
