কল্যাণমুখী রাষ্ট্র গঠনের কাফেলায় সকলকে সামিল হতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার দলমত নির্বিশেষে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দেশ থেকে সংঘাত-সংঘর্ষ ও যেকেনো ধরনের উগ্রবাদিতার স্থায়ী অবসান ঘটিয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
চলতি বছরে অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপণী ভাষণে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বিপন্ন করে তোলার যে কোনও অশুভ প্রয়াসের বিরুদ্ধে আমাদের ঐক্যবব্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। কেননা নিজেদের মধ্যে বিভেদ শত্র“র পথ প্রশস্ত করে দেয় এবং তাতে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হয়।
গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে তিনি সরকারি ও বিরোধী উভয় পক্ষের সাংসদদের প্রতি হিংসা-বিদ্বেষ, ব্যক্তিগত ও দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে গঠনমূলক, কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, উন্নয়নের ক্ষেত্রে আমাদের চিন্তা, কর্মপদ্ধতি ও কৌশলে ভিন্নতা থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থ ও দেশপ্রেমের প্রশ্নে সুগভীর ঐক্য থাকতে হবে।
তিনি বলেন, গণতন্ত্র চর্চার প্রাণকেন্দ্র জাতীয় সংসদ। সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের সকল বিভাগের জবাবদিহিতার ক্ষেত্রে আদর্শ স্থাপনের গুরুদায়িত্ব এসে পড়ে সকল সংসদ সদস্যের ওপরই।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি ও মহান সংবিধানের আলোতে দেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতন্ত্র চর্চার ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে--এটাই সকলের প্রত্যাশা।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে বারবার সংগ্রাম করেছে, তবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের এ সংগ্রাম এখনও শেষ হয়নি। এজন্যে দলমত নির্বিশেষে সমগ্র জাতির মতৈক্য প্রয়োজন। পারস্পরিক বিশ্বাস ও সমঝোতার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে যে কোনও জাতীয় সমস্যা সমাধান করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে সন্ত্রাস একটি বড় সমস্যা। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার যে কোনও অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা প্রয়োজন।
রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস, উগ্র রাজনৈতিক কর্মকাণ্ড এবং বোমাবাজির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা মেনে নেয়া যায় না। তাই দেশের স্বার্থে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সকল সম্প্রদায়ের মানুষের স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও বোমা-সন্ত্রাসীদের দমন করে শান্তি ও শৃঙ্খলা অক্ষুন্ন রাখার জন্যে সরকারের পাশাপাশি সকলের সদিচ্ছা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, সম্মিলিত প্রয়াস, পারস্পরিক সমঝোতা ও অংশীদারিত্বের মাধ্যমে শান্তিপূর্ণ, কল্যাণমুখী গণতান্ত্রিক সমাজকে আরও বিকশিত করা আজ সময়ের দাবি। বিভেদ, গোঁড়ামী, প্রতিহিংসা ও উগ্র কর্মকাণ্ড কখনও সুস্থ-সুন্দর জীবনের বার্তা বয়ে আনে না। তিনি রাজনীতিকে এই বিভেদ, হানাহানি আর প্রতিহিংসা থেকে কলুষমুক্ত করে জনগণের কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি তার ২৩ পৃষ্ঠার এ লিখিত ভাষণে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, কূটনৈতিক, খাদ্য নিরাপত্তা, স্থানীয় সরকার, পরিবেশ, পরিবহন, যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও জনসংখ্যাসহ দেশের রাজনৈতিক, সামাজিক ও আর্থ সামাজিক খাতের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তার মতামত তুলে ধরেন।
