২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে নিহত ৬, শতাধিক আহত

মাত্র ২০ দিনের মাথায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কানসাট এলাকায় আবারও পুলিশের গুলিতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশে গুলিবর্ষনে কমপক্ষে ৬ জন নিহত ও শতাধিক আহত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 05:43 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

স্থানীয় সূত্র জানায়, পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়কসহ তিন জনকে পুলিশ গ্রেফতার করলে সোমবার ভোরে এলাকার শত শত বিক্ষুব্ধ জনতা চাঁপাই - সোনামসজিদ সড়ক অবরোধ করে। এসময় পল্লী বিদ্যুতের কাঠের বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরিয়ে চরম বিক্ষোভ প্রকাশ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে ফেলতে এবং বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

বেলা ৩ টার পর পরিস্থিতি মারাত্মক আকার ধারন করে। একপর্যায়ে উত্তেজিত জনতার মাঝে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়লে জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষন শুরু করে। এতে কমপক্ষে ৭ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। বিক্ষুব্ধ জনতাও পুলিশের পাঁচটি ভ্যান ও পুলিশ বহনকারী একটি ট্রাক আগুন ধরিয়ে ভস্মিভুত করে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে পুলিশ গাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়। গোটা এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পুলিশী অভিযানে নেতৃত্ব দেন সুপার রেজাউল করিম, ম্যাজিস্ট্রেট সারোয়ার মোর্শেদ। চার প্লাটুন বিডিআর ও অসংখ্য পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুকে গুলিবিদ্ধ হয়ে আয়েজ উদ্দিনের ছেলে নাসির, কানসাটের আনিজ উদ্দিনের ছেলে রিক্সা চালক আনোয়ার, কানসাট শিবনগরের মোসাহাকের ছেলে দিনমজুর মান্নান, কানসাট কয়লাবড়ির নিজাম উদ্দিনের ছেলে গরিবউল্লাহ ও চাতরা কৃষ্ণচন্দ্রপুরের চৌধুরী নিহত হয়েছে। গুলিতে নিহত আরো দুটি লাশ পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে গেছে বলে এলাকাবাসী দাবি করেছে। তবে এরা কারা তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

পুলিশের পক্ষ থেকে অবশ্য একজন নিহতের লাশ নিয়ে যাওয়ার কথা স্বীকার করা হয়েছে।

পল্লী বিদ্যুতের ন্যুনতম মিটার চার্জ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী, মনিরুল ইসলাম মান্নাকে রোববার রাতে পুলিশ আটক করলে  সোমবার খুব ভোরবেলা থেকে উত্তেজিত জনতা সড়ক ও মহাসড়কে ব্যারিকেড তৈরি করে। কানসাট পুকুরিয়া থেকে শুরু হয়ে কানসাট -  সোনামসজিদ, কানসাট - চৌডালা এবং কানসাট - ভোলাহাট ব্যাপি ৫৫ কিলোমিটার এলাকায় নজিরবিহীন ব্যরিকেড সৃষ্টি করা হয়।

রাস্তায় ২৫/ ৩০ হাত পর পর পল্লী বিদ্যুতের সিমেন্ট ও কাঠের পিলার ফেলে রেখে এই ব্যরিকেড সৃষ্টি করা হলে দুপুর নাগাদ মহাসড়কগুলোতে শত শত যানবাহন বিভিন্ন স্থানে আটকা পড়ে। বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের শতাধিক কাঠের পোলে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

সকাল ১১ টার দিকে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সারোয়ার মোর্শেদ, পুলিশ সুপার রেজাউল করিম কানসাট এলাকায় পৌছানোর পর জনগনকে উদ্দেশ্য করে শান্তিপূর্ণ আচরন প্রদর্শনের আহ্বান  জানান। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহনের ঘোষনা দেন।

পুলিশ পল্লী বিদ্যুতের সদর দপ্তর থেকে কানসাট বাজার মোড় পর্যন্ত ব্যরিকেডসমূহ অপসারন করার পর কানসাট মোড়ের বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশী অ্যাকশন শুরু করে। এসময় পুলিশ কলোনি ও বাজার এলাকায় বাড়িতে বাড়িতে ঢুকে নিরীহ জনতা এমনকি মহিলাদেরও বেধড়ক লাঠি পেটা করে। এতে পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে।

পুলিশ চককীর্তি রোডের ব্যারিকেড অপসরনকালে বিপরীত দিক থেকে লাঠিসোঠা হাতে শত শত বিক্ষব্ধু জনতার একটি মিছিলের মধ্যে পড়ে যায়। আব্বাস বাজার এলাকা এবং কানসাট বাজার মোড়ে বিক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরে ফেললে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ গুলিবর্ষন করতে থাকলে জনতাও পর্যায়ক্রমে চড়াও হতে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে থেমে থেমে গুলি বর্ষন করছে।

এদিকে অপসারনকৃত ব্যারিকেডগুলো উত্তেজিত জনতা আবারো রাস্তায় ফেলে রেখেছে। স্থানীয় সূত্র জানায় উত্তাল জনতা রাস্তায় আটকে পড়া বাস ট্রাকের উপর এলোপাথারি হামলা চালালে কয়েকটি যানবাহনেরও ক্ষতিসাধন হয়।

একই রকম ঘটনায় গত ৪ জানুয়ারি এলাকাবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মিটার চার্জ কমানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ তাদের উপর গুলি চালায়। ওই ঘটনায় দু’জন নিহত হয়।