সাভার ও টঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ গার্মেন্টস কর্মী নিহত
সাভার ও টঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।
সাভার প্রতিনিধি জানান, ইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের জামগড়ায় শনিবার গভীররাতে দ্রুতগামী বাসের চাপায় পিষ্ট হয়ে গোবিন্দ কুমার (২৮) নামের সেট ফ্যাশন্স লিঃ এর এক শ্রমিক নিহত হয়। গোবিন্দের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার গোয়ারিয়া গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়।
টঙ্গী প্রতিনিধি জানান, টঙ্গীতে রোববার দুপুরে ট্রাকের চাপায় শিউলি (২৪) নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়। নিহত শিউলি হামিদ টেক্সটাইল মিলের মেশিন অপারেটর ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীর পাগার এলাকায় দুপুর ১টায় সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেতে রাস্তায় বেরিয়ে এলে ইসমাইল স্পিনিং মিলের ভেতর মাটি ভড়াটের কাজে নিয়োজিত ট্রাক (নোয়াখালী ট-১৪৩৫) দ্রুতগতিতে পেছন দিক থেকে শিউলিসহ আরও দুই শ্রমিককে চাপা দেয়। ট্রাকটি শিউলির বুকের উপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ইসমাইল স্পিনিং মিলের ভেতর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় গাড়ি ভাংচুর করে। শ্রমিকরা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং চালক মফিজ মিয়াকে আটক করে মারধর করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত শ্রমিক শিউলি কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের চাঁন মিয়ার কন্যা। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে।
