২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্যাস চুরির দায়ে একটি ওয়াশিং প্ল্যান্ট বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত রোববার অভিযান চালিয়ে নগরীর গোশাইলকান্দার একটি ওয়াশিং প্ল্যান্ট বন্ধ করে দিয়েছে। আদালত ওই ওয়াশিং প্ল্যান্টের বিরুদ্ধে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি গ্যাস চুরির অভিযোগ পায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বে ওয়াশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক চট্টগ্রাম উত্তর জেলার বিএনপি নেতার ভাই নিজামউদ্দিন আহমেদ চৌধুরী ১৯৯৪ সালে কারখানাটি স্থাপনের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন উপায়ে চুরি করে গ্যাস ব্যবহার করে আসছে।

ভ্রাম্যমান আদালতের আকষ্মিক অভিযানে ওই কোম্পানিতে মিটার টেম্পারিং, অননুমোদিত যন্ত্রপাতি স্থাপন এবং বাইপাস সংযোগের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে দেখা যায়।

ওই কোম্পানিকে চারটি ড্রায়িং মেশিন স্থাপনের অনুমোদন থাকলেও ওই কোম্পানিটি ছয়টি মেশিন স্থাপন করে বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল।

আদালত কোম্পানিটির মূল গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং  চোরাইভাবে গ্যাস সরবরাহের কয়েকটি লাইন সনাক্ত করে।

বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের প্রাথমিক হিসেবে দেখা যায়, কোম্পানিটি গত এক দশকে প্রায় এক কোটি টাকার গ্যাস চুরি করেছে।

কোম্পানির মালিককে ধরতে পারেনি ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।