ব্রাহ্মণবাড়িয়ায় জেএমবি সন্দেহে একজন আটক
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকার নূরমহল বোর্ডিং থেকে পুলিশ জেএমবি সদস্য সন্দেহে একজনকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম মওলানা আব্দুস সালাম।
পুলিশ জানায়, সে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে গত ১৯ জানুয়ারি থেকে হোটেলে অবস্থান করছিল। তার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামে হলেও সে হোটেল রেজিস্টারে তার নাম এস এম দুলাল (২৭) এবং ঠিকানা নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রাম বলে উল্লেখ করে।
পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল সেট, দুটি সিম কার্ড, একাধিক অলিখিত ও লিখিত জাতীয়তা সনদপত্র, একটি পাসপোর্টের ফটোকপি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিজিটিং কার্ড ও ফোন নম্বর উদ্ধার করেছে।
পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর সফরের মাত্র তিন দিন আগে এ গ্রেপ্তারের ঘটনা ঘটল।
