২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মস্কো দ্বিপাক্ষিক আলোচনা: রাষ্ট্রীয় পর্যায়ের যোগাযোগ বৃদ্ধিতে উভয় দেশ সম্মত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক রাশিয়া সফর এবং উভয় দেশের মধ্যে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ ও রাশিয়া রাষ্ট্রীয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখার ব্যাপারে একসাথে কাজ করতে সম্মত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এছাড়া চলতি বছরের দ্বিতীয়ার্ধে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাশিয়া সফরে যাওয়ার ব্যাপারেও একমত পোষণ করেছে দু’টি দেশ।

শুক্রবার মস্কোতে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র সচিব পর্যায়ের পঞ্চম বার্ষিক দ্বিপাক্ষিক আলোচনাকালে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন এবং রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন সেদেশের উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সাইভ অ্যালেকজান্ডার ইউরিভিচ।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাশিয়াকে জানান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন এবং যুদ্ধ পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তৎকালীন সোভিয়েত  ইউনিয়ন যে ভূমিকা রেখেছিলো বাংলাদেশের জনগণ আজও তা কৃতজ্ঞতাভরে স্মরণ করে।

তবে দুদেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এ শক্তিশালী বন্ধন পরিলক্ষিত হয়নি বলে তিনি উল্লেখ করেন। দু’দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ের সফরের মাধ্যমে ভবিষ্যতে দু’দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে কূটনীতিকদ্বয় মত প্রকাশ করেন।

আলোচনাকালে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সার্ক ও জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উন্নয়ন, ঢাকায় অনুষ্ঠিত সার্ক সম্মেলন, আসিয়ান, বিশ্ব বাণিজ্য সংস্থা, জাতিসংঘ ও জাতিসংঘ সংস্কার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তারা মতবিনিময় করেন।

তারা বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যতে তা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন।

এর আগে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন রাশিয়ার চ্যানচেরিতে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন।

পরে তিনি মস্কোয় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে দেখা করে তাদের সমস্যার কথা শোনেন এবং বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের পরামর্শ দেন। এসময় তিনি প্রবাসী বাংলাদেশীদের তাদের রাশিয়ান সহযোগীদের সাথে নিয়ে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা করতে এগিয়ে আসার ব্যাপারে উৎসাহিত করার চেষ্টা করেন।

আলোচনাকালে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সঙ্গে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম আমির হুসাইন সিকদার, প্রতিরক্ষা কর্মকর্তা এয়ার কমোডর এম শাহ আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (ইউরোপ) মো: রুহুল আলম সিদ্দিক, মস্কোয় বাংলাদেশী দূতাবাসের কাউন্সেলর রেজিনা আহমেদ, বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মদ আবদুল কাদির ও দূতাবাসের ফাস্ট সেক্রেটারি মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

অপরদিকে উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সাইভ অ্যালেকজান্ডার ইউরিভিচের নেতৃত্বে রাশিয়ার প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় এশিয়া বিভাগের উপ পরিচালক ট্রোটসেঙ্কো জিপি, সেকশন প্রধান লিসটোপাদোভ এনএ এবং ডেস্ক কর্মকর্তা ক্রিস্টিনা বায়কো।