ইজতেমা মাঠের নিরাপত্তা জোরদার, নিয়ন্ত্রণ নিয়েছে র্যাব
টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে শনিবার থেকে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কয়েকশ’ সদস্য।
এছাড়া মাঠে প্রবেশের প্রধান পাঁচটি সড়কসহ ২২টি পয়েন্টেই নিরাপত্তা জোরদার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি করে মুসুল্লিদের মাঠে প্রবেশ করানো হয়। এবারই প্রথম ময়দানের জিম্মাদারদেরও কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে ময়দানে প্রবেশ করতে হচ্ছে।
র্যাব সদস্যরা মাইন ডিটেক্টর এবং ডগ স্কোয়াড নিয়ে পুরো মাঠ পরীক্ষা করেছে। সার্বক্ষনিক পর্যবেক্ষণের জন্যে ময়দানের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
এছাড়া র্যাব সদস্যরা স্পিড বোড নিয়ে নদী পথে টহল দেওয়া শুরু করেছে। সেনা সদস্যরা ময়দানের পাঁচটি পন্টুন নির্মাণ কাজে নিয়োজিত আছে। ইজতেমা শুরুর তিনদিন পূর্বেই পন্টুন নির্মাণ শেষ হবে বলে সেনা সূত্র জানায়।
ময়দান এলাকা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যেকোনো ধরনের যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।
ইজতেমাকে সামনে রেখে গত ১৫ জানুয়ারি থেকে টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযানে এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তারসহ অসংখ্য সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টঙ্গী পৌরসভার ১২টি ওয়ার্ডে চলছে পুলিশের ব্লক রেইড। টঙ্গীর ২০টি বস্তি, ব্যাচেলর কোয়ার্টার ও ঘনবসতি এলাকাগুলোতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
এবারের বিশ্ব ইজতেমায় দেশী বিদেশি প্রায় ২৫ লাখ মুসুল্লির সমাগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।
উল্লেখ্য, ৪১তম এই বিশ্ব ইজতেমা আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
