২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া থেকে আবোরো বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) রাজশাহীর একটি বিশেষ দল শনিবার বগুড়া জেলার শাহাজাহানপুর উপজেলার বামুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

শুক্রবার বগুড়ার শেরপুর থেকে বিস্ফোরক উদ্ধার ঘটনার একদিন পরই আবারো বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল র‌্যাব। 

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি)- এর জনৈক সদস্য তাহেরের শ্বশুরবাড়ীর কাছে একটি বাঁশ বাগানের মাটির নিচ থেকে এসব বিস্ফোরক ও সরজ্ঞাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিভিন্ন সরঞ্জামের মধ্যে রয়েছে- টাইম বোমা বানানোর বিভিন্ন যন্ত্রাংশ, সাত কেজি গান পাউডার, সাড়ে ছয় কেজি অ্যামোনিয়াম, ক্যাপাসিটার, হামানদিস্তা, ট্রানজিসটর ও ড্রিল মেশিন।

এছাড়া র‌্যাব সদস্যরা ওই স্থান থেকে একটি ড্রাম ও তিন বস্তা জেহাদী বইও উদ্ধার করে।

জেএমবি সদস্য তাহের পলাতক রয়েছে। উদ্ধারের সময় র‌্যাব সদস্যরা কাউকে গ্রেপ্তার করেনি।

এরআগে শুক্রবার র‌্যাব সদস্যরা বগুড়ার শেরপুরের এক জেএমবি নেতার বাড়ির মাটি খুঁড়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে। ওই ঘটনায় র‌্যাব সদস্যরা দুজনকে গ্রেপ্তার করে।