২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি শীর্ষনেতাদের খোঁজে দেশের সর্ববৃহৎ অভিযান

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে এ যাবত দেশের সবচেয়ে বড় জঙ্গিবিরোধী অভিাযান চালানো হয়েছে। কুষ্টিয়ায় বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব), পুলিশ, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং আনসার বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত যৌথ বাহিনী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

রাত সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়া সদর এবং মিরপুর উপজেলায় এ অভিযান অব্যহত ছিলো।

অভিযানে প্রায় এক হাজারেরও বেশি র‌্যাব, পুলিশ, বিডিআর ও আনসার সদস্য অংশ নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেএমবি’র সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাই অথবা শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানকে ধরতে ব্যাপক এ অভিযান পরিচালিত হচ্ছে। শেষ খবর পর্যন্ত কোন সাফল্যের খবর পাওয়া যায়নি।

খুলনা রেঞ্জ থেকে আসা ৭০০ এর বেশি পুলিশ সদস্য অভিযানে যোগ দেয়ার পর যৌথ বাহিনী ৩০০টি সার্চলাইট ব্যবহার করে সন্ধ্যায় দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু করে। অভিযানে ঢাকা থেকে আনা পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। জেএমবি’র শীর্ষ নেতারা যেন নিরাপত্তার জাল থেকে পালাতে না পারেন সে জন্য কুষ্টিয়ার আকাশে হেলিকপ্টারগুলো টহল দিতে থাকে। হেলিকপ্টারগুলো বিকেলে ঢাকায় ফিরে যায়।

পুলিশ বৃহস্পতিবার রাতে পোরাদহ ও আইলচড়ায় কারফিউ জারি করে। জনগণকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত গৃহে অবস্থান করতে বলা হয়।

নাম গোপন রাখার শর্তে র‌্যাবের উচ্চ পদস্থ এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, জেএমবি’র মজলিসে সুরার (নীতি নির্ধারক কমিটি) একজন সদস্য ওই এলাকায় লুকিয়ে আছে-এ মর্মে খবর পাওয়ার পর তাকে গ্রেপ্তার করতে সেখানে অভিযান চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের প্রথম ধাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কুষ্টিয়া সদরের পোড়াদহ, বল¬ভপুর, বট্টল এবং মিরপুর উপজেলার স্বরুপদহ ,কাটাদহ এবং চিথলিয়া গ্রামের ১০ বর্গ কিলোমিটার এলাকা ঘিরে রেখে ঘরে ঘরে তল্লাশি চালায়।

প্রথম ধাপের অভিযানে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা থেকে আনা ছয়শ’রও বেশি পুলিশের সদস্য এবং র‌্যাব ও বিডিআর’র ২৫০জন সদস্য অংশগ্রহণ করে।

অভিযানের সময় জেলার স্বাভাবিক জীবনে স্থবিরতা লক্ষ্য করা যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়া--চুয়াডাঙ্গা রোডে যান চলাচল বন্ধ করে দেয়।

পরে সন্ধ্যায় পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) আবদুল কাইউম পুলিশ সদর দফতরে তড়িঘড়ি করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, কুষ্টিয়ায় দিনভর র‌্যাব ও পুলিশের ব্যাপক অভিযানকালে জেএমবি প্রধান আব্দুর রহমান অথবা সামরিক কমান্ডার বাংলা ভাইকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ প্রধান বলেন, সদর থানার পোড়াদহে অভিযানকালে জেএমবি’র সাথে সম্পর্ক থাকতে পারে এমন ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। কিন্তু তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

আইজিপি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রহমান ও বাংলা ভাইকে গ্রেপ্তার করতে আইনপ্রয়োগকারী সদস্যরা স্মরণকালের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেন। তথ্য থাকা সত্ত্বেও বৃহস্পতিবার সকাল থেকে র‌্যাব ও পুলিশ ঘিরে রাখা পাঁচ কিলোমিটার এলাকার কোথাও বাংলা ভাই অথবা আব্দুর রহমান ছিলেন কিনা সে ব্যাপারটি নিশ্চিত করা যায়নি।

আইজিপি বলেন, সদর থানার আওতাধীন পোড়াদহ গ্রামের একটি চালের মিলের ভিতরে জেএমবি’র সাথে সংশ্লিষ্ট বেশ কিছু লোক বৈঠকে মিলিত হয়েছে সে ব্যাপারে আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য ছিল।

তিনি বলেন, জেএমবি’র শীর্ষ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করতে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা পোড়াদহ ও খাজানগর এলাকা ঘিরে রেখেছিল। অভিযান অনির্দিষ্ট সময় ধরে চলবে এবং সেখানকার নিরাপত্তা বাহিনীর শক্তি বৃদ্ধি করতে আরও অতিরিক্ত ১০০০ নিরাপত্তা সদস্য সেখানে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার ও অতিরিক্ত আইজিপি আনোয়ারুল ইকবাল উপস্থিত ছিলেন।

জেএমবি’র দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করতে পুলিশ ও র‌্যাব মরিয়া হয়ে চেষ্টা করলে বলে উল্লেখ করে আইজিপি কাইয়ূম বলেন, নিরাপত্তা অভিযান ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আমরা আশাবাদী।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, স্থানীয় নয় এমন লোকদের চলাচলে বাধা প্রদান করা হয়েছে। তবে এর ফলে স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হননি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযান পরিচালনাকারী ও পর্যবেক্ষণকারী কর্মকর্তাদের যাতায়াতের জন্য পাঁচটির মত হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।

পুলিশ প্রধান বলেন, অভিযানকালে ওই এলাকার সব মিল, কারখানা ও সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালানো হবে।

অভিযান এখনও চলছে বিধায় সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আইজিপি আশা প্রকাশ করেন।