গাজীপুরে স্কয়ার টেক্সটাইল মিলে অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার মালামাল ভস্মীভূত, আহত ১৫
গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের সারদাগঞ্জে স্কয়ার টেক্সটাইল মিলে বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি এবং কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে মিলের ব্লু রুম থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। মিল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ৩৫ টন তুলা, মেশিনপ্রত্র ও মিলের অনান্য আসবাবপ্রত্র পুড়ে গেছে।
জানা যায়, আগুন লাগার সাথে সাথে কর্মরত শতশত শ্রমিকের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আতংকিত শ্রমিকরা হুড়োহুড়ি করে মিল থেকে বের হওয়ার চেষ্টা করলে অন্তত ১৫ শ্রমিক আহত হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঢাকা সদরদপ্তর, ইপিজেড,গাজীপুর ও টঙ্গীর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা একটানা আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্কয়ার টেক্সাটাইল মিলের জিএম আব্দুর রশীদ জানান, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
