রিভার ক্রসিং পরিত্যক্ত: আশুগঞ্জ-মনোহরদি গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ ঝুলে গেছে
বহুল আলোচিত আশুগঞ্জ-মনোহরদি গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের কাজ ঝুলে গেছে।
মেঘনা রিভার ক্রসিংয়ের কাজ কারিগরি ক্রটির কারণে পরিত্যক্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নদীর তলদেশে ৩০ ইঞ্চি ব্যাসের পাইপ আটকে যাওয়ায় রিভার ক্রসিংয়ের কাজ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, চলতি শুকনো মওসুমে সঞ্চালন লাইনটির নির্মাণ কাজ শেষ হবে না। ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশে গ্যাস সংকট আরো তীব্র হবে।
ব্ধুবার আনুষ্ঠানিকভাবে রিভার ক্রসিংয়ের কাজ শুরু করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিটিডিসি। বৃহস্পতিবার সকালে মেঘনা নদীর রায়পুরা প্রান্ত থেকে আশুগঞ্জের দিকে পাইপলাইন প্রবেশের কাজ শুরু হয়। ৩০ ইঞ্চি মোট ১২৫টি পাইপ নদীর তলদেশের প্রবেশের লক্ষ্য নিয়ে কাজ শুরু করার পর ৯১টি পাইপ প্রবেশ করার পর তা আটকে যায়।
দীর্ঘ সময় কাজ করার পরও পাইপকে আর কোনো দিকে নড়ানো যায়নি। সর্বশেষ বিকেল ৩টায় এই কাজ আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ সময় চীনা প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা কান্নায় ভেঙে পড়েন।
রিভার ক্রসিংয়ের বিষয়ে দক্ষ কয়েকজজন বাংলাদেশী প্রকৌশলী জানান, এটি পুরোপুরি ব্যর্থ। এখানে আর কোনো রিভার ক্রসিং করা যাবে না।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এ ধরনের পাইপলাইনের রিভার ক্রসিং করার ক্ষেত্রে আট থেকে ৪২ ইঞ্চি ব্যাসের ছয় ধরনের রিমার ব্যবহার করতে হয়। কিন্তু চীনা কোম্পানি এ কাজে চার ধরনের রিমার ব্যবহার করে।
সূত্র বলছে, কারিগরি অদক্ষতার কারণে এ কাজটি ব্যর্থ হলো।
গত ২০ ডিসেম্বর ১২০ কোটি টাকা ব্যয়ে ৩৭ কিলোমিটার দীর্ঘ ৩০ ইঞ্চি ব্যাসের পাইপলাইনটির নির্মাণ কাজ শুরু হয় । দেশীয় প্রতিষ্ঠান ক্যাসল কনস্ট্রাকশন এই কাজ করছে।
