বিশ্ব ইজতেমা ভেন্যুতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেবে সরকার
দেশজুড়ে জঙ্গিদের ধারাবাহিক বোমা হামলার ঘটনার প্রেক্ষাপটে ২৭ জানুয়ারি থেকে রাজধানীর অদূরে টঙ্গিতে শুরু হতে যাওয়া তিনদিনের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ভেন্যুর প্রবেশ পথে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।
ইজতেমা চলাকালে যে কোন নাশকতামূলক তৎপরতা নস্যাৎ করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব), বাংলাদেশ রাইফেলস (বিডিআর), পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এবং আনসার বাহিনী থেকে ২২ হাজারের উপর নিরাপত্তা সদস্য ইজতেমা ভেন্যু ও ভেন্যুর আশেপাশে মোতায়েন করা হবে।
ইজতেমার জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক বৈঠকে এ কথা জানানো হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের একটি সূত্র জানায়, সেনাবাহিনীর সহায়তায় র্যাব সদস্যরা বোমা নিস্ক্রিয়কারী দল গঠন করবে। টঙ্গির আকাশে হেলিকপ্টার টহল দেবে এবং ভেন্যুর আশেপাশে ৫৪টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি), ২০টি ভিডিও ক্যামেরা ও পর্যবেক্ষণ টাওয়ার বসানো হবে।
যানবাহন ও জনগণের চলাচলের বিষয়েও বৈঠকে বিশেষ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকের সূত্র জানায়, ২২ হাজার নিরাপত্তা সদস্যের মধ্যে র্যাবের কমপক্ষে ১৬৮৩ জন সদস্যকে দু’টি হেলিকপ্টার ও বোমা নিস্ক্রিয়কারী যন্ত্রসহ মোতায়েন করা হবে। ইজতেমা ভেন্যুর চারপাশের বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণ টাওয়ার, কন্ট্রোল রুম ও সাব-কন্ট্রোল রুম স্থাপনের মাধ্যমে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
সূত্রটি জানায়, পুরো ইজতেমা ভেন্যুকে ২৪টি ব্লকে বিভক্ত করা হবে এবং কমপক্ষে ১৮টি পয়েন্টে গাড়ি তল্লাশি করা হবে। সুত্র জানায়, ইজতেমায় আগত প্রত্যেক ব্যক্তি ও প্রতিটি গাড়ি কড়াকড়িভাবে পরীক্ষা করা হবে।
র্যাব, বিডিআর, আনসার, সশস্ত্র পুলিশ এবং পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা শাখার সদস্যরা ইজতেমা ভেন্যুর আশেপাশে টহল দেবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আশুলিয়া ও বাইপাইল এলাকার যান চলাচল আখেরি মুনাজাতের আগের দিন সন্ধ্যা থেকে মুনাজাতের দিন পর্যন্ত ২৪ ঘন্টা বন্ধ রাখা হবে।
ইজতেমায় অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসলমানদের চলাচলের সুবিধার্থে বিআরটিসি’র ৩১৫টি বাস চলাচল করবে।
তুরাগ নদীতে পারাপার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে পাঁচটি পন্টুন স্থাপন করা হবে। পন্টুন ফাঁকি দিয়ে কাউকে ইজতেমার ভেন্যুতে প্রবেশ করতে দেয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। নৌ পথে চেকপয়েন্ট স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইজতেমা ভেন্যুতে নৌপথে পৌঁছাতে রাজধানীর সদরঘাট থেকে নৌযান চলাচল শুরু করার যাবতীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়েছে।
সূত্রটি আরো জানায়, রাস্তাঘাট যানজটমুক্ত রাখার জন্য অতিরিক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে। পাশাপাশি দূষিত ও নিুমানের খাবার বিক্রি নিয়ন্ত্রণ করার জন্য ইজতেমায় কমপক্ষে ২৪ টি মোবাইল কোর্ট স্থাপন করা হবে।
বৈঠক থেকে বেরিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং জঙ্গিদের যে কোন নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে ইজতেমাকে ঘিরে কঠোর ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
