বান্দরবান থেকে আবারও বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ভাগিনার ছড়া পাহাড় থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিডিআর সদস্যরা যৌথভাবে বৃহস্পতিবার ভোরে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
বিডিআর সূত্র জানায়, বাংলাদেশ সীমান্ত সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে পরিচালিত সেনাবাহিনী ও বিডিআর-এর বিশেষ যৌথ অভিযানে ব্যাপক অস্ত্র উদ্ধার করা হচ্ছে।
বান্দরবান আঞ্চলিক সদর দফতরের মুখপাত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি এম-১৬ রাইফেল, ১টি সাব মেশিন কারবাইন (এসএমসি), ১টি ৩০৩ রাইফেল, ২টি দূরপাল্লার অস্ত্র নিক্ষেপের পরিমাপক (রেঞ্জ ফাইন্ডার), ১টি গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), ডেটনেটর ২০টি, ডেটেনেটর ভল্ট ৪০টি, মাইন ফিক্সিং ডেটেনেটর ১০টি, এক্সপ্লোসিভ ফিউজ ১৪টি, মাইনিং কেবল ১কেজি এবং ২০কেজি গান পাউডারসহ হ্যান্ড মাইক্রোফোন, ওয়াকিটকি, টেলিস্কোপ, মাইনবক্স, এন্টেনা এবং বিভিন্ন ধরণের কেবল উদ্ধার করা হয়।
সেনা সমরাস্ত্র বিশেষজ্ঞরা বলেছেন, রেঞ্জ ফাইন্ডার এবং জিপিএস’কে সারা বিশ্বে সর্টিফিকেটেড সামরিক সরঞ্জাম হিসেবে বিবেচনা করা হয়। বান্দরবান এলাকা থেকে এবারই প্রথম এ দু’টি সরঞ্জাম উদ্ধার করা হয়।
গত বুধবার সেনা-বিডিআর সদস্যগণ একটি আস্তানা থেকে ৩জন বিদেশী সন্ত্রাসীসহ আটক করে ১টি অত্যাধুনিক এম-১ এ-১ মডেলের মেশিনগান, ৪টি এম-১৬ রাইফেল, ১টি এ.কে-৪৭ রাইফেল, ১টি ৩০৩ রাইফেল, ১টি দূরপাল্লার রকেট শেল, ৭কেজি টিএনটি বিষ্ফোরক, ৩৫০০ রাউন্ড বুলেট এবং ৫০০গজ করডেক্স কয়েল।
১৫দিন পূর্বে গত ৩ জানুয়ারি অনুরুপ এক অভিযানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাঁকখালী এলাকা থেকে ৫টি এম-১৬ রাইফেল, ১টি এ.কে-৪৭ রাইফেল, ১টি লাইট মেশিনগান, ৭টি ১২ বোর রাইফেল, ২টি ৩০৩ রাইফেল এবং সাড়ে ৭ হাজার বুলেট উদ্ধার করে। এসব অস্ত্র ও গোলাবারুদের সাথে চে অং (৪০), অং দোয়াং (২২) এবং তা চোয়াং চিং (২০) নামে তিন বিদেশীকেও আটক করা হয়। সূত্র জানিয়েছে, গত দু’দিনে আটক করা টিএনটি বিষ্ফোরকের পরিমাণ ২৭কেজি। এর আগে এ এলাকা থেকে আরো ২০০ কেজি টিএনটি বিষ্ফোরক উদ্ধার করা হয়েছিল।
বান্দরবার আঞ্চলিক সদর দফতরের মুখপাত্র জানায়, বুধবারের অভিযানে যে ক্যাম্পটি ধ্বংস করা হয় সেটি রোহিঙ্গা সেলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর ক্যাম্প। তবে আরএসও একটি মুসলিম সংগঠন হলেও আটককৃত ৩জনই মায়ানমারের রাখাইন নাগরিক। তাদেরকে গভীর পর্যবেক্ষণে রেখে সেনা বিশেষজ্ঞরা জিজ্ঞাসা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
