২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিএসএফের গুলিতে এক বছরে ১৪ কৃষক নিহত

দিনাজপুর সীমান্তে গত এক বছরে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ) এর গুলিতে ১৪ বাংলাদেশী কৃষক ও দিনমজুর নিহত হয়েছে। এছাড়াও ৫ বাংলাদেশী নিখোঁজ ও বিভিন্ন বিছিন্ন ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বিডিআর ও বিভিন্ন সূত্র জানায় দিনাজপুর জেলার ৩৩২ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকার দিনাজপুর সদর, বিরল, ফুলবাড়ি, বিরামপুর, হাকিমপুর, পীরগঞ্জ, হরিপুর ও বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ সদস্যরা যখন তখন উষ্কানিমূলক গুলিবর্ষণ করে।

বিএসএফ’র বিনা কারণে গুলিবর্ষণ ও বাংলাদেশী খুনের প্রতিবাদে বিডিআর দিনাজপুর সেক্টরে বিওপি ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিকবার প্রতিবাদলিপি পেশ এবং উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও বাংলাদেশী হত্যা অব্যহত থাকে।

বিএসএফের গুলিতে দিনাজপুর সদর সীমান্তে দুই জন, বিরল সীমান্তে এক জন, বিরামপুর ও ফুলবাড়ি সীমান্তে তিন জন, হাকিমপুর সীমান্তে তিন জন, রানীশৈংকল-হরিপুর-বালিয়াডাঙ্গী সীমান্তে ৫ জন কৃষক ও দিনমজুর নিহত হয়।

সীমান্তের একটি সূত্র জানায় সম্প্রতি দিনাজপুর সীমান্তের ওপারে বিএসএফ প্রায় ২৩০ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করেছে। একই সাথে তারা নতুন রিং রোড তৈরীর কাজও শেষ করেছে।

সূত্রটি আরো জানায় বিএসএফ নতুন বেশ কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার তৈরী করে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামবাসীদের উপর নজরদারী বৃদ্ধি করেছে।

এমনকি বিএসএফের এই অতিরিক্ত প্রহড়া ও গুলিবর্ষণ আতংকে কাঁটাতারের বেড়া সংলগ্ন বাংলাদেশের শত শত একর আবাদী জমিতে ঠিকমত চাষ করা সম্ভব হচ্ছে না।