জেএমবি শীর্ষ নেতাদের ধরতে সাঁড়াশি অভিযান
কুষ্টিয়া সদর এবং মিরপুর উপজেলায় র্যাব, পুলিশ, বিডিআর এবং আনসার সদস্যরা শীর্ষ স্থানীয় জেএমবি নেতাদের ধরতে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক অভিযান শুরু করেছে। এ অভিযানে প্রায় একহাজারেরও বেশি র্যাব, পুলিশ, বিডিআর ও আনসার সদস্য অংশ নিচ্ছে।
ধারণা করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাই অথবা শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানকে ধরতেই এ অভিযান পরিচালিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কুষ্টিয়া সদরের পোড়াদহ, বল্লভপুর, বট্টল এবং মিরপুর উপজেলার স্বরুপদহ ,কাটাদহ এবং চিথলিয়া গ্রামের ১০ বর্গ কিলোমিটার এলাকা ঘিরে রেখে ঘরে ঘরে তল্লাশী চালাচ্ছে।
অভিযানে তিনটি হেলিকাপ্টারও ব্যবহার করা হচ্ছে। হেলিকাপ্টারগুলো বর্তমানে পোড়াদহ ফুটবল মাঠে রয়েছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়া-চুয়াডাঙ্গা রোডে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
