২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিয়ে যাচ্ছে মীর মশাররফের স্মৃতি

উনবিংশ শতাব্দীর অন্যতম প্রধান মুসলিম সাহিত্যিক ও বিষাদ সিন্ধু’র স্রষ্ঠা মীর মশাররফ হোসেনের স্মৃতি চিহ্ন হারিয়ে যেতে বসেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 10:57 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহন করেন।

বিষাদসিন্ধুসহ বহু কালজয়ী উপন্যাসের প্রণেতা মীর মশাররফ হোসেন। কারবালার বিষাদঘন কাহিনী নিয়ে রচিত বিষাদ সিন্ধু পড়ে আবেগে আপ্লুত হয়নি এমন বাঙালি মুসলিম খুঁজে পাওয়া ভার।

মৃত্যুর দীর্ঘ ৯৫ বছর পরেও অনাদর, অবহেলা আর সরকারী উদ্যোগের অভাবে  অমর এ মনীষীর স্মৃতি চিহ্ন আজ বিলুপ্ত প্রায়। তাঁর স্মৃতি হিসেবে রয়েছে একটি আম গাছ, সেটিও মৃতপ্রায়।

আরও আছে তাঁর নিজ হাতে স্থাপন করা ইঁদারা, প্রথম স্ত্রী আজিজন নেসার কবর এবং মীরের নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়।

মীর মশাররফ হোসেনের ছেলেবেলা কেটেছে লাহিনীপাড়া গ্রামেই। তাঁর পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন এই এলাকার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। তাঁর মায়ের নাম দৌলতুন্নেসা।

মীর মশাররফ হোসেন প্রথমে জগমোহন নন্দীর পাঠশালায় পড়াশোনা শুরু করেন। তারপর কুমারখালী এমএন স্কুল, কুষ্টিয়া হাই স্কুল ও রাজবাড়ী জেলার পদমদী স্কুলে কিছুদিন পড়াশোনা করেন। পরে তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলেও ভর্তি হয়েছিলেন।

১৮৬০ সালে ১৩ বছর বয়সে তার মা মারা যান। এ বয়সেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন এবং স্থানীয় কবি লড়াইয়ে নিয়মিত অংশ নিতেন।

অষ্টম শ্রেণীতে পড়ার সময় তিনি কোলকাতায় তাঁর পিতৃবন্ধু নাদির হোসেনে বাড়িতে থেকে কিছুদিন পড়াশোনা করেছিলেন। এখানে অবস্থানকালে নাদির হোসেনের বড় মেয়ে লতিফুন নেসার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে বিয়ের ব্যবস্থা হয়। কিন্তু বিয়ের সময় নাদির হোসেন বড় মেয়ের পরিবর্তে মেজ মেয়ে আজিজন নেসার সঙ্গে মীরের বিয়ে দেন। এ ঘটনার পর লতিফুন নেসা আত্মহত্যা করেন। 

প্রথম বিয়ে সুখের না হওয়ায় ৮ বছর পর মীর মোশাররফ সাওতা গ্রামের এক বিধবার মেয়ে কুলসুম বিবিকে বিয়ে করেন।

মীরের প্রথমা স্ত্রীর কোন সন্তান ছিল না। তার ৫ ছেলে ও ৬ মেয়ের সকলেই ছিলেন কুলসুম বিবির গর্ভজাত।

১৯১১ সালে ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে মীর মোশাররফ হোসেন ৬৪ বছর বয়সে মৃত্যু বরণ করেন। ওই গ্রামে কুলসুম বিবির সমাধির পাশেই তাঁকে সমাহিত করা হয়।

উনবিংশ শতাব্দীর মুসলিম সাহিত্যিকদের অন্যতম কীর্তিমান পুরুষ মীর মশাররফ হোসেন সাহিত্যের সব ক্ষেত্রেই তাঁর নিপুণ হাতের উজ্জল স্বাক্ষর রেখে গেছেন। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বস্তানী, বিবি কুলসুম, রতœাবতী ও বসন্তকুমারী নাটক তাঁর অনন্য সৃষ্টি। 

তিনি  কিছুকাল সাংবাদিকতাও করেছিলেন। প্রথম জীবনে তিনি কাঙাল হরিনাথ মজুমদারের ‘গ্রামবার্তা প্রকাশিকা’ ও কবি ঈশ্বর গুপ্তের ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সংবাদদাতা ছিলেন। পরে লাহিনীপাড়া থেকে তিনি ‘আজিজন নেসা’র নামে একটি পত্রিকা পত্রিকা প্রকাশ করেন। সেটি বন্ধ হয়ে গেলে তিনি ১৮৮০ সালে ‘হিতকরী’ নামে আরেকটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন। ওই পত্রিকার কোথাও সম্পাদকের নাম ছিল না। এর সহকারী সম্পাদক ছিলেন কুষ্টিয়ার উকিল রাইচরন দাস।

শুধুমাত্র সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতা আর অবহেলায় বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ মীর মশাররফ হোসেনের স্মৃতি চিহ্ন এখন মুছে যাচ্ছে।

লাহিনীপাড়ায় সরকারীভাবে মীরের স্মৃতিরক্ষার কেউ নেই।