সীতাকুন্ডে শিবির কর্মী নিহত
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে শিবিরকর্মী সাফায়েত উল্লাহ (২২)। সোমবার রাত ৯টায় সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সোমবার গভীর রাতে সে মারা যায়।
অসামাজিক কাজে বাধা দেওয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
এতে জড়িত সন্দেহে পুলিশ রুহুল আমিন, আবদুল্লাহ আল মামুন, বাবুল ড্রাইভার ও আবুল হাশেম নামে চারজনকে আটক করেছে।
নিহত সাফায়েত বারৈইয়ার ঢালা ভূঁইয়া পাড়ার এনায়েত উল্লাহ’র ছেলে।
সীতাকুণ্ড থানা পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে অসামাজিক কাজে বাধা দেওয়ায় ৪/৫ জন সন্ত্রাসী তাকে নুনাছড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়।
হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ ইদ্রিসকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।
