ফরিদপুরের ভাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধ শতাধিক দোকানঘর পুড়ে ছাই
ফরিদপুরের ভাঙ্গা পৌর বাজারে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক দোকানঘর ভস্মীভূত হয়েছে। এঘটনায় ৪০ জন আহত হয়। বাজারের দুটি তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বাজার বণিক সমিতি সূত্র জানায়, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা বলে ধারনা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যাবসায়ীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাজারের জাহাঙ্গির ও আলতাফ নামের দুই তুলা ব্যাবসায়ীর দোকান থেকে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকান দুটিতে আগুন লাগে বলে ব্যাবসায়ীরা জানান। মূহুর্তের মধ্যে আগুন পাশ্ববর্তী সবগুলো দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ জনতা ও ব্যাবসায়ীরা তাদের ওপর হামলা চালায়।
পরে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও মাগুরা জেলার ফায়ার বিগ্রেডের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে বাজারের ২০ব্যাবসায়ীসহ ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে ছয়জনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
