কুলাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী নিহত, মঙ্গলবার লাশ ফেরত দেবে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত দুই দিনমজুরের লাশ মঙ্গলবার ফেরত দেবে বিএসএফ।
পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের ইছহাক মিয়ার ছেলে কয়ছর (২০) এবং তৈমুছ আলীর ছেলে হরিছ (২৪) কে বিএসএফ সদস্যরা রোববার গুলি করে হত্যা করে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বাংলাদেশ রাইফেল (বিডিআর) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোছাদ্দেক আলী এ ঘটনার কথা স্বীকার করেছেন।
বিডিআর সূত্র জানায়, রোববার দুপুরে কয়ছর ও হরিছসহ চার/পাঁচজন দিনমজুর মুড়াইছড়া সীমান্তে ১৮৪১ নম্বর পিলারের কাছে বেত সংগ্রহ করতে যায়। তখন বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে কয়ছর ও হারিছ গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে টেনে নিয়ে যায় এবং সেখানে তাদের মৃত্যু হয়।
