২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র সচিব বুধবার রাশিয়া সফরে যাচ্ছেন

রাশিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ও জিএসপি সুবিধা আদায় সংক্রান্ত দুইদিনের দ্বিপাক্ষিক বৈঠকে ১৯-২০ জানুয়ারি ঢাকা ও মস্কো মুখোমুখি হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:14 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন উদ্দিন বুধবার মস্কো যাচ্ছেন।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক পর্যালোচনা করার পাশাপাশি বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস অনুসন্ধানের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সকল দিক আলোচনা করতে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন ১৮-২২ জানুয়ারি রাশিয়ায় অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে তিনি উপ-পররাষ্ট্র মন্ত্রী আলেক্সিভ আলেকজান্ডার ইউরিভিচের সাথে বৈঠক করবেন।

দুই দেশের পররাষ্ট্র সচিব সার্ক এবং সাংহাই সহযোগিতা সংস্থা (স্কো), আশিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ), জাতিসংঘের সাথে সহযোগিতা, জাতিসংঘ সংস্কার ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মত বিনিময় করবেন বলে জানা গেছে।

দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করা ছাড়াও হেমায়েতউদ্দিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী লাভরভ সেরগেই ভিক্টরভিচের সাথে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর একটি চিঠি রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের পৌঁছে দেবেন বলে জানা গেছে।

দুই দেশের মধ্যে ১৯৯২ সালে সাক্ষরিত প্রটোকল অনুযায়ী বার্ষিক দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের রাজধানীতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়ে থাকে।

দুই দেশের মধ্যে সর্বশেষ ২০০৩ সালের ৯-১০ ফেব্র“য়ারি ঢাকায় দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল। তখন রাশিয়ার পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছিলেন।