চাঁদপুরে লঞ্চ-জাহাজ সংঘর্ষ, নিখোঁজ ১, আহত ৫০
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা সংলগ্ন মেঘনা নদীতে সোমবার সকালে একটি যাত্রীবাহি লঞ্চের সাথে অপর একটি মালবাহী জাহাজের সংঘর্ষে এক যাত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ৫০ জন আহত হয়।
নিখোঁজ যাত্রীর নাম আবু তাহের (৫০)।
সূত্র জানায়, হাইমচর ঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী এমভি বোগদাদিয়া -- ৯ লঞ্চটির সাথে মেঘনা নদীর চরভাঙ্গা এলাকায় মালবাহী জাহাজ এমভি গোল্ডেন ড্রিমের সংঘর্ষ ঘটে। এ সময় অনেক যাত্রী নদীতে ঝাঁপ দেয়। এমভি বোগদাদিয়া -- ৯ এর ইনচার্জ মাহফুজ আহমেদ ও সুকানি ইদ্রিস জানান, বাংলার মিলন নামের একটি জাহাজকে সাইড দিতে গেলে পেছন থেকে গোল্ডেন ড্রিম ধাক্কা দেয়। এ ঘটনায় তাদের প্রায় ৫/৭ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তারা জানান।
গোল্ডেন ড্রিম-এর মাস্টার নুরুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার জন্যে বোগদাদিয়াকে দায়ী করে তাদের দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার জন্যে লঞ্চের চালকের অনভিজ্ঞতাকেই দায়ী করেছে যাত্রীরা।
দুর্ঘটনায় আহতদের মধ্যে লঞ্চের মাস্টার (২য় শ্রেণী) কালিমউল্লাহ, আনসার কমান্ডার মোস্তফা শেখ ও সহকারি মিস্ত্রি বারেককে আশংকাজনক অবস্থায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
