২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪১ তম বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে

বিশ্ব মুসলিম উম্মাহ’র দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসমাবেশ ৪১ তম বিশ্ব ইজতেমা সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা পুরোদমে এগিয়ে চলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 10:07 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ইজতেমা মাঠের আন্তর্জাতিক ছাউনিতে শুক্রবার অনুষ্ঠিত প্রস্তুতিমূলক এক সভায় কৃষি মন্ত্রণালয় ও গাজীপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এম.কে আনোয়ার বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি ২৩ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

আগামী ২৭ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী তাবলীগ জামাত আয়োজিত মহাসমাবেশ টঙ্গির তুরাগ নদীর তীরে ১৬৫ একর জমির সুবিশাল প্রান্তর জুরে বিশ্ব  ইজতেমা শুরু হচ্ছে।

আগামী ২৯ জানুয়ারি রোববার মধ্যাহ্নে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমার সমাপ্তি ঘটবে।

বিশ্ব ইজতেমা এবং আখেরী মোনাজাতে রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং অন্যান্য পেশাজীবীসহ দেশী-বিদেশী প্রায় কয়েক লাখ মুসলিম অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে অনুষ্ঠিত টঙ্গির বিশ্ব ইজতেমায় মুসলিম উম্মাহ’র বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ প্রতি বছর অংশগ্রহণ করেন। পবিত্র হজ্বের পর এটি হলো মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় মহাসমাবেশ।

তাবলীগ জামাত কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, তাবলীগ অনুসারী দলের সদস্য এবং স্থানীয় ও আশপাশের তিন/চার শত স্বেচ্ছাসেবক ইজতেমা মাঠের প্রস্তুতির কাজ পর্যায়ক্রমে করে চলেছেন।  

ইজতেমা আয়োজক সূত্র জানায়, বিশ্ব ইজতেমায় মুসুল্লীদের পানি সরবরাহের জন্য কয়েক শত টিউবওয়েল এবং শৌচাগার নির্মাণ করার কাজ এগিয়ে চলেছে।

মুসুল্লীদের স্বাস্থ্য সেবায় বিশ্ব ইজতেমায় সার্বক্ষণিক ১২টি এ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৫টি, টঙ্গী পৌরসভার ২৮টি ও র‌্যাবের প্রয়োজনীয় মেডিক্যাল টিম কাজ করবে বলে জানা যায়।

বিশ্ব ইজতেমায় যাতে কোন প্রকার পচা ও বাসি খাবার কাউকে খাওয়াতে না পারে সে জন্য ইজতেমা প্রাঙ্গণে এবারই প্রথম চারটি মোবাইল কোর্ট কাজ করবে।

সূত্র জানায়, ইজতেমায় আগমনরত মুসল্লিদের যাতায়াতের সু্িবধার্থে বিশেষ ট্রেন, বাস সার্ভিসের ব্যবস্থা এবং তুরাগ নদীর ওপর পাঁচটি অস্থায়ী বেইলী সেতু নির্মাণ করা হচ্ছে।

তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এবারের বিশ্ব ইজতেমার প্রতিটি গেইট ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকধারী পুলিশসহ গোয়েন্দা বিভাগের সদস্যদের মোতায়েন করা হবে। মূল গেইটসহ প্রতিটি গেটে বসানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা।

এবারের বিশ্ব ইজতেমায় দেশী-বিদেশী প্রায় চল্লিশ লাখ মুসলিম  যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

এ বছরের ইজতেমায় বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রায় পাঁচ হাজার বিদেশী মেহমান মহাসম্মেলনে যোগদান করবেন।