২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনায় পদদলিতের ঘটনায় ১৩ বাংলাদেশী নিখোঁজ, ১০ জন হাসপাতালে

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালনকালে বৃহস্পতিবার শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে গিয়ে পদদলিতের ঘটনায় ১৩ বাংলাদেশী হাজি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত ১০ বাংলাদেশী হাজিকে মক্কা ও মিনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

মিনার জামারাতে পদদলিত হয়ে এ পর্যন্ত ৩৬২জন নিহত ও ২৮৯ জন আহত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনো বাংলাদেশী হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১৩জন হাজি নিখোঁজ রয়েছেন।

যদিও মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা মালয়েশিয়ার হজ প্রতিনিধি দলের প্রধান দাতুক ড. আজমী আহমেদের উদ্ধৃতি দিয়ে জানায়, তিনি হাসপাতালে তিনজন ইন্দোনেশিয়া, তিনজন চীনা, একজন পাকিস্তানি ও একজন বাংলাদেশীর লাশ দেখেছেন। কিন্তু নিহত ওই বাংলাদেশীর নাম জানা যায়নি।

নিখোঁজ হাজিরা হল- শেরপুরের নালিতাবাড়ীর মৃত আরমামুদ মুন্সীর ছেলে মোহাম্মদ জামশেদ আলী (৭০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের ময়েজউদ্দিনের ছেলে জোহর আলী (৬০), একই এলাকার নওয়াব আলী ফকিরের ছেলে দানেশ আলী ফকির (৭৯),  টাঙ্গাইলের সখিপুরের মহানন্দপুরের মৃত সাহেব উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৭১), গাজীপুরের কালিগঞ্জের জাঙ্গালিয়ার সেকাল দর্জির ছেলে আব্দুল মোতালেব দর্জি (৭০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার জাজিরাকুঠির আলহাজ মুন্সী সোনামিয়ার ছেলে ফজলুর রহমান (৬১), দিনাজপুর সদরের উত্তর বালুবাড়িয়া এলাকার মৃত আয়ুর উল্লাহর ছেলে হামিদুর রহমান (৬০), দিনাজপুর নিউটাউন বি-২, হাউজ নং ৬৬ এর মৃত আহসান উদ্দিন শাহ- এর ছেলে এমদাদ উদ্দিন শাহ (৬৮), দিনাজ ফুলবাড়িয়া বাসস্ট্যন্ড এলাকার মৃত নাসের উদ্দিনের ছেলে মাজেদুর রহমান চৌধুরী (৬৭), দিনাজপুর সদর উপজেলার নিউ ঘাসিপাড়ার মৃত মঞ্জুর ছেলে আব্দুল্লাহহিল কাফি (৫৫), দিনাজপুর সদর উপজেলার আব্দুল্লাহহিল কাফির স্ত্রী নাজবুন নাহার (৪০) এবং মাদারটেক সবুজবাগ ঢাকার মৃত আজিজুদ্দিন খানের ছেলে আনসারউদ্দিন খান (৭০)।

বিভিন্ন হাসপাতালে চিকৎসারত অবস্থায় বাংলাদেশী হাজিরা হলেন, মিনা জেনারেল হাসপাতালে মোহাম্মদ মাহবুব ও বেদি বেগম, বাদশাহ আব্দুল আজিজ হাসপাতালে মজিবুর রহমান, আল নূর হাসপাতালে বেগম মাহমুদা ও বেগম ফৌজিয়া, জিয়াদ জেনারেল হাসপাতালে নুরুল হক এবং আহমেদ নূর, মক্কার ম্যাট্রানিটি হাসপাতালে বেগম হাসিনা ও বেগম আসমা, মিনা আল জাসের হাসপাতালে মাহমুদ।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় নিখোঁজ বাংলাদেশী হাজিদের তল্লাশী চলছে।

এদিকে সৌদি কর্তৃপক্ষ এখনও নিহত হাজিদের পরিচয় দিতে পারেনি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণায়ের একজন মুখপাত্র জেনারেল মনসুর আল তুর্কি বৃহস্পতিবার জানায় যে, তারা এ ৩৪৫টি মৃতদেহ পেয়েছে।

স্থানীয় সময় দুপুর ১টায় এ ঘটনা ঘটে।