২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ম্যাগাজিন প্রকাশক খুন

যুক্তরাষ্ট্র অ্যারিজোনা অঙ্গরাজ্যের মেসা শহরে দুস্কৃতিকারীদের ছুরিকাঘাতে মোঃ মুরাদুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশী ম্যাগাজিন প্রকাশক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 01:24 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

অ্যারিজোনা পুলিশ এই হত্যার সাথে জড়িত সন্দেহে ডমিনিক হান্ট (২০) ও ক্রেইগ ক্যালডেরন (১৯) নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে।

মুরাদুজ্জামান মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন বলে তার স্ত্রী থানায় অভিযোগ করেন। তিনি অ্যারিজোনার ‘বাংলাদেশী ক্লাব অব দি কাউন্টি ডেমোক্রেটিক পার্টি অর্গানাইজেশন’ এর চেয়ারম্যান ছিলেন। অ্যারিজোনায় বসবাসকারী বাংলাদেশীদের মাঝে তিনি মুরাদ নামেই অধিক সু-পরিচিত ছিলেন।

মুরাদুজ্জামান এশিয়ান ম্যাগাজিন নামক একটি দ্বিমাসিক ম্যাগাজিন-এর প্রকাশক ছিলেন। দ্বিমাসিক এই ম্যাগাজিনের প্রতি সংখ্যার কাটতি ছিল দশ হাজারের মত।

তদন্তকারীরা বলছে যে, গ্রেপ্তারকৃত হান্ট ও ক্যালডেরন মুরাদুজ্জামানের ম্যাগাজিনে রিয়াল স্টেট ও রেন্টাল প্রপার্টির বিজ্ঞাপন দেখে মনে করেছিল যে মুরাদুজ্জামান একজন বিত্তবান ব্যবসায়ী।

মোঃ মুরাদুজ্জামানের স্ত্রী তানিয়া জানালেন যে, তার স্বামী ‘একজন গ্রাফিক্স ডিজাইনার ও বাংলাদেশের একজন অন্যতম প্রামাণ্যচিত্র নির্মাতা।

ম্যাগাজিনটির সহকারী সম্পাদক কৃতি আগারওয়াল জানান যে, তিনি ভীষন হতভম্ব ও শোকাভিভূত। তিনি বলেন, ‘মুরাদের কোনো শত্র“ ছিলনা’ তিনি অ্যারিজোনায় বসবাসরত সকল এশিয়ানদের সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি মজবুত অবস্থানে নেবার জন্য ম্যাগাজিনটি প্রকাশ করতেন।

অ্যারিজোনায় বসবাসরত সকল বাংলাদেশী এই নৃশংস ঘটনায় মুষড়ে পড়েছেন বলে জানালেন ম্যারিকোপা কাউন্টি ডেমোক্রেটিক পার্টির মহিলা চেয়ারম্যান জুডি কেনেডি।

মুরাদুজ্জামান ১২ বছর ধরে অ্যারিজোনায় বসবাস করে আসছেন। ১৯৯৩ সালে তিনি ‘এশিয়ান ম্যাগাজিন’ নামক ম্যাগাজিন প্রকাশ শুরু করেন যার প্রচার ছিল অ্যারিজোনা, নিউইয়র্ক টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায়। নিহত মুরাদুজ্জামানের ছয় ও তের বছরের দু’টি সন্তান রয়েছে।