হ্যারি পটার সিরিজে ২ বাংলাদেশী কন্যা
ব্রিটেনে জন্ম নেয়া বাংলাদেশী বংশোদ্ভূত দুই বালিকা শিশুদের জন্যে জনপ্রিয় হ্যারি পটার সিরিজের নতুন চলচ্চিত্র ‘হ্যারি পটার এন্ড দ্য গুবলেট অব ফায়ার’ এ অভিনয় করছে। চলচ্চিত্রটি এ মাসে মুক্তি পেতে যাচ্ছে।
দুই বাঙালি কন্যা শেফিল চৌধুরী এবং আফসান আজাদকে চলচ্চিত্রে ‘পাতিল যমজের’ চরিত্রে দেখা যাবে।
১৬ বছর বয়সী আফসান এ লেভেল ছাত্রী। সে তার কলেজে ক্যামেস্ট্রি, বায়োলজি, ইংরেজি সাহিত্য ও মিডিয়া ল্যাংগুয়েজের মত কঠিন বিষয়গুলো পড়ে। অভিনয়ের ব্যাপারে সে জানায়, স্রেফ মজা করার জন্যেই অডিশন দিতে গিয়েছিল।
কিন্তু ১৭ বছর বয়সী শেফিল একটু ভিন্ন ধরনের। সে জানায়, অভিনয়ের প্রতি আমার দারুন টান রয়েছে, একারণেই কোর্স হিসেবে এটিকে বেছে নিই। যখনই আমার সামনে অভিনয়ের এ সুযোগটি আসল ঠিক তখনই আমি তা আকড়ে ধরলাম।
সে আরো জানায়, এ ধরনের সুযোগ সারা জীবনে একবারই আসে। এ মুহূর্তে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। এখন আমি ছবিটি মুক্তির অপেক্ষায় আছি।
