ঘরমুখো মানুষের ভিড়ে পায়ের চাপে সদরঘাটে নিহত ২, আহত ১৯
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সোমবার সন্ধ্যায় ঈদুল আযহা উদযাপন করতে ঘরমুখো মানুষের ভিড়ে পদদলিত হয়ে কমপক্ষে দু’জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
নিহত কাওসার আলীর (১৯) ও লিটনের বাড়ি বরিশাল জেলায়।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো-- নাসির উদ্দিন (৩৫), তার স্ত্রী কোহিনুর বেগম (২৫) এবং তাদের শিশুসন্তান নিয়ামুল (১৮ মাস)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজার হাজার ঘরমুখো মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে থাকলে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য মোতায়েন থাকলেও তারা এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে সূত্র জানায়।
