গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের হোতাপাড়ায় সোমবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সাকে ও পথচারিদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও আরো ১০জন আহত হয়।
নিহতরা হল- পথচারি সাইফুল ইসলাম (৩৫) ও খোরশেদ আলম (২৫) এবং অজ্ঞাত পরিচয় রিক্সাচালক (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে হালুয়াঘাটগামী দূরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (নারায়ণগঞ্জ ব- ০২-০০৪০) বেলা সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারি ও একটি রিক্সাকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং বাসের যাত্রী ও পথচারিসহ আরো ১০ জন আহত হয়। আহতদের গাজীপুর সদর হাসপাতালে ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
