দেরি না করে নির্বাচন কমিশনের উচিত হাইকোর্টের রায় অনুযায়ী কাজ করা: ড. কামাল
প্রখ্যাত আইনজীবী ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, হাইকোর্ট পথ দেখিয়ে দিয়েছেন, এখন একটি ‘সমন্বিত প্রতিষ্ঠান’ হিসেবে নির্বাচন কমিশন কীভাবে তার দায়িত্ব পালন করবে, সে-টি তার ব্যাপার।
তিনি রোববার বিডিনিউজকে বলেন, নতুন ভোটার তালিকা তৈরির ব্যাপারে ৪ জানুয়ারি হাইকোর্টের দেওয়া রায়ের কপি পাওয়ার পর আর দেরি না করে নির্বাচন কমিশনের উচিত হবে বৈঠক ডেকে পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা।
হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে ড. কামাল বলেন, নির্বাচন কমিশন একটি সমন্বিত প্রতিষ্ঠান। তাই এর উচিত প্রাতিষ্ঠানিকভাবে কাজ করা, এককভাবে নয়। মতপার্থক্য দেখা দিলে সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেয়া উচিত।
আদালতের রায়ে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের উচিত অতি দ্রুত অন্য নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠকে বসা এবং নির্বাচনী নীতিমালা তৈরির ব্যাপারে ২০০৫ সালের ৬ আগস্ট কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সকল কমিশনার মিলে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
আদালতের রায়ের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, ২০০০ সালে প্রণীত প্রচলিত ভোটার তালিকা অনুযায়ী নতুন ভোটার তালিকা প্রণয়ন করতে হবে।
এদিকে আদালতের এ রায়ের কপি রোববার পর্যন্ত নির্বাচন কমিশনে পৌঁছায়নি।
