হজ শুরু সোমবার, বাংলাদেশে ঈদুল আজহা বুধবার
জিলহজ মাসের ৮ তারিখ হিসেবে সোমবার থেকে সৌদি আরবে পাঁচদিনব্যাপী হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। সে হিসেবে মঙ্গলবার সেখানে ঈদুল আজহা পালিত হবে। আর বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে বুধবার।
প্রতি বছর হিজরী সনের জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত সৌদি আরবে হজ পালিত হয়। ইংরেজি বর্ষ অনুযায়ী এবার তা ৯ জানুয়ারি শুরু হয়ে ১৩ জানুয়ারি শেষ হবে।
সৌদি আরবের মক্কায় মুসলমানদের হজ পালন ইসলামে পালনীয় বিষয়গুলোর অন্যতম মূল স্তম্ভ। মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনে এটিকে শ্বাশত বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে।
মুসলমানদের জন্যে ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। শারীরিক ও আর্থিক সক্ষমতা সম্পন্ন প্রত্যেক নারী--পুরুষের জন্যে জীবনে অন্তত একবার হজ পালন করা বাধ্যতামূলক।
সম্প্রতি মক্কায় হাজিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এবার ৭০টির বেশি দেশ থেকে ২০ লাখের মতো ধর্মপ্রাণ মুসলিমের মক্কায় হজ পালন করার কথা। এর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৫০ হাজার হাজি ইতোমধ্যেই মক্কায় হাজির হয়েছেন বা যাওয়ার পথে রয়েছেন।
ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে বাংলাদেশে তিন দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। তবে বৃহস্পতিবার এ ছুটি শেষ হওয়ায় এবং পরের দু’দিন শুক্র ও শনিবার থাকায় মোট পাঁচ দিনের সরকারি ছুটি থাকছে এবারের ঈদের সময়।
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুসলিম বিশ্বের নেতা ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার এক শুভেচ্ছাবার্তায় পবিত্র ঈদুল আজহার মধ্য দিয়ে বৃহত্তর মানব কল্যাণ এবং অব্যাহত উন্নয়নে মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন।
পৃথক এক শুভেচ্ছাবার্তায় রোববার প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন। ইসলামের বৃহত্তর স্বার্থে মুসলিম উম্মাহর ভাতৃত্ব ও সহযোগিতামূলক মনোভাবের আরও সংহতি কামনা করেন তিনি।
পৃথক এক শুভেচ্ছাবার্তায় পররাষ্ট্র এম মোর্শেদ খান ঈদুল আজহার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মুসলিম উম্মাহর পারস্পরিক ঐক্য,সংহতি ও সহযোগিতার প্রসার কামনা করেন।
তিনি মুসলিম উম্মার অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।
