২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় হোটেল ভবন ধসে নিহত ৭৬ জনের মধ্যে ৯জন বাংলাদেশী

পবিত্র মক্কা নগরীতে বৃহস্পতিবারের হোটেল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা ৭৬-এ উন্নীত হয়েছে। নিহতদের মধ্যে আটজন হাজীসহ নয় বাংলাদেশী নাগরিক রয়েছে বলে সৌদিআরবের বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) এসএম ইকরামুল হক বিডিনিউজকে বলেন, নিখোঁজ সাতজনকে মীনার একটি হাসপাতাল মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের সকলকে সনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, এ দুর্ঘটনায় এখন আমাদের কাছে আর কোনও হাজীর নিখোঁজ হওয়ার খবর নেই।

শুক্রবার বাংলাদেশ দূতাবাস দু’জনের মৃত্যু এবং কয়েকজনের নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিল।

নিখোঁজ সাত বাংলাদেশী হাজীর মধ্যে সকলেই নিহত হয়েছে। এদের মধ্যে দুটি পরিবারের তিনজন করে সদস্য রয়েছে।

সৌদি আরবের বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে ঢাকার বনানীর বাড়ি নং ৭, সড়ক নং ৫১--এর শেখ ওয়াজেদ আলীর ছেলে গোলাম রহমান, তার স্ত্রী জাহানারা বেগম এবং তার বোন ও শেখ নজরুল ইসলামের স্ত্রী বেগম দিলরুবা ইসলামের লাশ হাসপাতাল মর্গে পাওয়া গেছে।

মোহাম্মদ আব্দুল মুকিত, তার মা হাবিবা খানম ও স্ত্রী বেগম নাহিদা হোসেন মুকিতও নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি নং ৯, সড়ক নং ৫, সেক্টর ১০, উত্তরা, ঢাকার বাসিন্দা। আব্দুল মুকিত মরহুম আব্দুল রবের ছেলে।

নিহত অপরজন হল- মোহাম্মদ মনতাজুল হক। সে রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার রানীনগর গ্রামের মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে।

এর আগে শুক্রবার বাংলাদেশ দূতাবাস যে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে, তারা হলেন, হজযাত্রী আব্দুর রাজ্জাক (৩৫) এবং ওই ভবনেরই একটি দোকানের কর্মচারি মোহাম্মদ শফিক (৩৬)।

নিহত আব্দুর রাজ্জাক রাজশাহীর রায়পাড়ার রুহুল আমিনের ছেলে। তার লাশ বাদশাহ আব্দুল আজিজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাষ্ট্রদূত বিডিনিউজকে বলেন, সৌদি রীতি অনুযায়ী হাজিদের লাশ দেশে ফিরিয়ে না দিয়ে সৌদিআরবের পবিত্র ভূমিতেই দাফন করা হবে।

নিহতদের মক্কা নগরীরর সারাইয়া কবরস্থানে কবরস্থ করা হবে।

রোববার থেকে হজ শুরু হবে।

এদিকে শুক্রবার ধসে পড়া ভবনের উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদিআরবে প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান অবস্থান করছেন। ভবনটি যখন ধসে পড়ে, সেসময় আশপাশের রাস্তার ওপর হাজীরা নামাজ পড়ছিলেন।

পবিত্র কাবা শরীফের দেওয়াল থেকে মাত্র ৬০ মিটার দুরে গাজল স্ট্রিটে ছিল ভবনটির অবস্থান।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনও ৪০টি লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে জর্ডান, তিউনিশিয়া, আলজেরিয়া, ভারত ইয়েমেন ও মালয়েশিয়ার মুসল্লিরা রয়েছেন।