মধ্য এশিয়ার ৫টি রাষ্ট্রকে দক্ষিণ এশিয়া ব্যুরোর আওতায় আনবে যুক্তরাষ্ট্র
মধ্য এশিয়া অঞ্চলের পাঁচটি দেশের ব্যুরো অফিস মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ব্যুরোর আওতায় আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে এ অঞ্চলের সমন্বয় আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস। ঢাকায় শনিবার প্রাপ্ত এক সংবাদে এ কথা জানা যায়।
এ পাঁচটি দেশ হচ্ছে, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। মুসলিম অধ্যুষিত এ দেশগুলোতে প্রায় ৬০ মিলিয়ন লোকের বাস।
কন্ডোলিৎসা রাইস বলেন, বিশ্বে যে ক’টি অঞ্চলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার ভিত্তিতে দেখছে, তার মধ্যে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া অন্যতম শীর্ষে রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এ অঞ্চলের ব্যুরো অফিসগুলোকে একত্রিত করতে যাচ্ছে, যাতে একই বিশেষজ্ঞদল ও কূটনীতিকরা উভয় অঞ্চলের ওপর গুরুত্ব দিতে পারে।
রাইস ওয়াশিংটনে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে যে কাজটি করেছে, সেটি হলো মধ্য এশিয়ার দেশগুলোকে ইউরোপীয় ব্যুরো থেকে আলাদা করে দক্ষিণ এশিয়া ব্যুরোতে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ। অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়নের এ দেশগুলোকে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের সাথে নিয়ে আসাই ছিলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ্য।
তিনি বলেন, এ অঞ্চলকে সমন্বিত করার লক্ষ্যেই আমরা এ উদ্যোগ নিয়েছি, আর সেটি করতে পারলে তা হবে আমাদের উল্লেখযোগ্য সাফল্য।
৯০’র দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েও এ দেশগুলো আগের মতোই ইউরোপীয় অঞ্চলে যে সকল কূটনীতিক ও আঞ্চলিক বিশেষজ্ঞ কাজ করতেন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে।
এ দেশগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ব্যুরোর আওতায় আনার ফলে এদের সমন্বয় আরও জোরদার হবে বলে উল্লেখ করেন রাইস।
তিনি বলেন, আফগানিস্তানের পাশাপাশি দক্ষিণ এশিয়া ব্যুরো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকায় কাজ করা কূটনীতিক ও আঞ্চলিক বিশেষজ্ঞদের একই ছাদের নিচে নিয়ে আসবে।
