ঝালকাঠির ২ বিচারক হত্যা মামলা: ঘটনার এক মাস পরও চার্জশিট জমা দেয়নি পুলিশ
জেএমবি’র আত্মঘাতী হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হওয়ার প্রায় দুই মাস পার হলেও পুলিশ এখনও হত্যা মামলার চার্জশিট জমা দেয়নি।
শুধু তাই-ই নয়, ওই ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে অপর একটি মামলার চার্জশিট দাখিল করা হলেও মুল আসামিরা ঢাকায় থাকায় মামলার চার্জ গঠন করতে পারেনি পুলিশ।
এদিকে জেলার দ্রুত বিচার আদালতের বিচারক মামলার মোট ছয় আসামীর মধ্যে দুই প্রধান আসামি আতাউর রহমান সানি এবং আবদুল আউয়ালকে বরিশাল আদালতে পাঠানোর জন্যে ঢাকার ডিআইজি প্রিজনকে আদেশ দিয়েছেন। যদিও ওই দুই আসামি এখন র্যাব হেফাজতে রয়েছে।
এ প্রসঙ্গে দ্রুত বিচার আদালতের স্পেশাল পিপি মুজিবুর রহমান নান্টু জানিয়েছেন, সানি এবং আউয়াল ওই মামলার আসামি এবং চার্জশিটে উল্লেখ রয়েছে তারা দু’জনেই ঢাকা কারাগারে রয়েছে। সে অনুযায়ী বিচারক আসামীদের বরিশালে পাঠানোর জন্যে ডিআইজি প্রিজনকে নির্দেশ দিয়েছেন।
কিন্তু আসামী দু’জনই রিমান্ডে থাকায় তাদেরকে ঝালকাঠিতে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন আইনজীবী এনায়েত পীর খান।
গত বছরের ১৪ নভেম্বর ঝালকাঠি অফিসার্স কলোনির বাসা থেকে গাড়িযোগে কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলায় ঝালকাঠির বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন।
ওই ঘটনায় দু’ বিচারকদের বহনকারী গাড়ির চালক সুলতান আহমেদ বাদি হয়ে একই দিন সদর থানায় একটি বিস্ফোরকদ্রব্য আইনে এবং অপরটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহবরাব হোসেন হত্যা মামলার তদন্তভার গ্রহণ করেন।
হত্যাকাণ্ডের দিনই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে সাংবাদিকদের বলেছিলেন, এক সপ্তাহের মধ্যেই হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। প্রতিমন্ত্রীর আশ্বাস অনুযায়ী হত্যা মামলার চার্জশিট প্রদানের শেষ সময়সীমা ছিল ২১ নভেম্বর।
কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকায় অবস্থান করায় এবং ওই হামলার দায়ে আটক জেএমবি’র সদস্য মামুনকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করার ফলে হত্যা মামলার চার্জশিট দেওয়া সম্ভব হয়নি।
গত ২৩ নভেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেশব্যাপী বোমা হামলার বিষয়ে অগ্রগতি সম্পর্কিত মনিটরিং কমিটির এক বৈঠকে হত্যা মামলার চার্জশিট প্রদানের সময়সীমা দ্বিতীয়বার বৃদ্ধি করেন। ওই সভায় নভেম্বর মাসের মধ্যেই চার্জশিট দেওয়া হবে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেও এখনও তা বাস্তবায়ন করা হয়নি।
বর্তমানে হত্যা মামলাটি সিআইডিতে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়ার এএসপি মুন্সি আতিকুর রহমান হামলাকারী মামুনকে হত্যাকাণ্ডের একমাস সাত দিন পর ২০ ডিসেম্বর ঢাকা থেকে ঝালকাঠিতে এনে পরের দিন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ১০ দিনের রিমান্ডে নেন। জিজ্ঞাসাবাদ শেষে বরিশাল কেন্দ্রীয় কারাগারে মামুনকে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব আলী ছয় জনকে অভিযুক্ত করে ৬ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ২ জানুয়ারি বরিশাল বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়।
