২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির কারণে কোরবানীর পশুর মূল্য বৃদ্ধি

সীমান্ত পথে কড়াকড়ি, নদীর ঘাট, হাট ও সড়ক পথে চাঁদাবাজির কারণে গত বছরের তুলনায় এবছর কোরবানীর পশুর মূল্য বেড়ে দ্বিগুণ হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 10:36 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ঈদকে সামনে রেখে বিএসএফ ও তাদের দালাল, নদীর ঘাটের ইজারাদার, কাস্টমস, করিডোর, বিডিআর, পুলিশ, ট্রাফিক পুলিশ, পরিবহন সেক্টর ও হাটের ইজারাদার চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

সারাবছর ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত পথে গরু-মহিষ আসে।  ভারত থেকে পাচার হয়ে আসা পশু প্রতি পাঁচ'শ টাকা করে নিয়ে সীমান্ত করিডোরে কাস্টমস তাদের বৈধতার ছাড় দেয়। করিডোরের কর ফাঁকি দিয়ে ব্যবসায়ীরা বিএসএফকে পশু প্রতি দু'শো থেকে তিন'শো টাকা ঘুষ দিয়ে দেশের হাটে-বাজারে সে পশু সরবরাহ করে।

রাজশাহী কাস্টমস থেকে জানা গেছে, সারাদেশে গবাদি পশুর রাজস্ব আদায়ের জন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় ৬০টি করিডোর রয়েছে। ব্যবসায়ীরা করিডোর বাইপাস করেই অধিক সংখ্যক গরু প্রবেশ করায়।

রাজশাহী অঞ্চলে ভারতের মুর্শিদাবাদ ও মালদহ এলাকার প্রায় ৭০টি নদী ঘাট দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার গরু-মহিষ প্রবেশ করে দেশে। 

কিন্তু বর্তমানে চার ভাগের এক ভাগও আসছে না বলে গরু ব্যবসায়ীরা জানান। এই গরুগুলো অবৈধভাবে আসে বলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

গুবিরপাড়া গ্রামের আবেদ আলী অভিযোগে জানান, তানোর উপজেলার মন্ডুমালা হাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে।

এ ব্যাপারে নিষ্পত্তি চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।

বিভিন্ন হাটের সরকার নির্ধারিত খাজনার চেয়ে বেশি আদায় করা হচ্ছে। কিন্তু ছাড়পত্র দেয়া হচ্ছে সরকার নির্ধারিত টাকার। সরকারিভাবে গরু প্রতি খাজনা ৮০ টাকা। আদায় করা হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা।

এ প্রসঙ্গে ইজারাদারদের বক্তব্য হলো, পুলিশ ও সন্ত্রাসীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দিতে হয়। যার সব টাকা যোগ হয় পশুর মূল্যে। আর একারণেই এবার পশুর মূল্য প্রায় দ্বিগুণ।