নারায়ণগঞ্জে পুলিশের ক্রসফায়ারে ডাকাত নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মদ্যাসাদী ইউনিয়নের টেকে পুলিশের ক্রসফায়ারে রোববার ভোরে এক ডাকাত সর্দার নিহত হয়েছে।
নিহত ডাকাতের নাম মতিয়ার রহমান মতি (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বন্দর থানার মদনপুর এলাকা থেকে গ্রেপ্তারের পর মতি পুলিশের কাছে তার সহযোগী ও অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
পরে পুলিশ তাকে নিয়ে রাত তিনটায় অস্ত্র উদ্ধারের জন্য মদ্যসাদী ইউনিয়নের টেক এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মতির সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় মতি পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, নয় রাউন্ড গুলি, ছয়টি বন্দুকের কার্তুজ, একটি রামদা, দুইটি কিরিচ এবং ছয়টি তাজা বোমা উদ্ধার করে।
ডাকাত সর্দার মতির বিরুদ্ধে হত্যা , ডাকাতিসহ আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
