২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় ২০০৬ কে বরণ করল বাংলাদেশ

কড়া নিরাপত্তা ব্যবস্থা নতুন বছরের আনন্দ উচ্ছ্বাসকে কিছুটা ম্লান করে দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারীদের তৎপরতার বদৌলতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 02:46 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

নগরীতে ইংরেজি বর্ষবরণ উপলক্ষে অন্যান্য বছরের মতো আনন্দ-উল্লাসকারী মানুষের ঢল দেখা না গেলেও তরুণরা একেবারে থেমে থাকেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গুলশান, বারিধারা এবং বনানীর বিভিন্ন রাস্তায় গত বছরের মতো দৃশ্য ছিল না। তবে রাতের রাস্তায় থার্টি ফার্স্ট উদ্যাপনে নেমেছিল অদম্য তরুণরা।

ঢাবি ক্যাম্পাসে নববর্ষের রাতে আনন্দরত শিক্ষার্থী রিফাত জানায়, বোমাতঙ্ককে আমরা পরোয়া করি না। এখন নতুন বছরকে বরণ করে নেয়ার সময়।

শনিবার রাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁতেই উল্লসিত মানুষ তাদের বাড়ি ও বাসার ছাদ থেকে একযোগে ‘হ্যাপি নিউ ইয়ার’ আনন্দধ্বনি দিয়ে ওঠে। তারা আতসবাজি ও মোম জ্বালিয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার আয়োজন করে। যেন তারা এমন একটি বছর কামনা করছে, যে বছরে কোনও প্রাকৃতিক দুর্যোগ বা সংহিস ঘটনা ঘটবে না।

আগের বছরগুলোর তুলনায় থার্টি ফার্স্ট নাইটে নগরীর রাস্তায় লোকজন কম ছিল।

কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, হ্যাঁ, অন্যান্য বছরের তুলনায় এবার রাস্তায় লোকজন কম দেখা যাচ্ছে।

নগরীতে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিডিআর ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ হাজার ৪শ’ সদস্য মোতায়েন করা হয়।

থার্টি ফার্স্ট নাইটে আনন্দ উল্লাসকারীদের কেউ কেউ মদ্যপান করে থাকে- এ ধারণা থেকে কেউ যাতে কোনও বেআইনি কার্যক্রম না করতে পারে সেদিকে কড়া নজর রাখা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারীদের অন্যতম দায়িত্ব।

নিরাপত্তা নিশ্চিত করতে বারগুলোতে বিশেষ নজরদারি এবং ব্যক্তিগত ও সামাজিকভাবে পার্টির আয়োজনের ব্যাপারেও কড়া নজর রাখা হয়।

থার্টি ফার্স্ট নাইটের নিরপত্তা ব্যবস্থা স্বচক্ষে দেখার জন্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নগরীর বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।

তিনি সাংবাদিকদের জানান, সবকিছু ঠিক আছে। বরাবরের মতো এবারও আমরা অতিরিক্ত সতর্কতা হিসেবে আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

অন্যান্য বারের চেয়ে এবার থার্টি ফার্স্ট নাইটে আনন্দ-উচ্ছ্বাসের ঘাটতির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে বলেন, আমি দেখেছি উৎসাহী লোকজন বেশ আনন্দেই নববর্ষ উদ্যাপন করেছে।

তিনি বলেন, ধুমধামের সাথে নববর্ষ উদ্যাপিত হোক, তা আমরা চাই, কিন্তু কোনও রকম বিশৃঙ্খলা চাই না।

অতি উৎসাহীদের বাধা দিতে সরকার রাজধানী ছাড়াও কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকতেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।