২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলা একাডেমী নয়, প্রয়োজন দেশীয় ভাষা একাডেমী’

১৯৭১ সালের প্রেক্ষাপটে বাংলা একাডেমীর প্রয়োজনীয়তা ছিলো। কিন্তু এখন আর আলাদা করে এর নামের প্রয়োজন নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

এখন প্রয়োজন ‘দেশীয় ভাষা একাডেমী’ প্রতিষ্ঠা করা। এর অন্যতম কাজ হবে দেশে যে সব ক্ষুদ্র জাতিসত্ত্বা বা আদিবাসী রয়েছে তারা যাতে হারিয়ে না যায়, সে জন্য উদ্যোগ নেওয়া।

রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) আয়োজিত ছয়টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক সাখাওয়াত হোসেন।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক  ফেরদৌস আজিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মো.আলী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেন প্রমুখ।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের একটা নিজস্ব জাতিসত্ত্বা আছে। যাদেরকে আদিবাসী বলা হয়, তারা একেকটি ক্ষুদ্র জাতিসত্ত্বা। তাই এ নামকরণ তাদেরকে নিগৃহীত, নিষ্পেষিত করছে।

তিনি বলেন, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি যে ঋণ দিচ্ছে, তা নষ্ট করছে আমাদের বনভূমি, রাষ্ট্রব্যবস্থা।

তিনি আরো বলেন, যৌন কর্মীরা স্বেচ্ছায় এ পেশায় আসেনি। তাদেরকে বাধ্য করা হয়েছে এ কাজে আসতে। তবে এটি মূলত কোনো পেশা নয়।

অনুষ্ঠানে সেডের  যে ছয়টি বই উদ্বোধন করা হয়, সে বইগুলো হচ্ছে, বাংলাদেশের বিপন্ন বন, রিপোর্টিং গাইড, ক্রিটিকস অব পলিসিস অ্যান্ড প্রাকটিসেস , শ্রিম্প ফ্রাই কালেকশন অ্যান্ড ইটস ট্রেড, বন, বনবিনাশ ও বনবাসীর জীবন সংগ্রাম এবং সেক্স ওয়ার্কার্স ইন বাংলাদেশ।