বগুড়ায় নাট্যানুষ্ঠানে বোমা হামলা মামলা: শায়খ রহমান, ড. গালিবসহ ৪ জনের বিরুদ্ধে চার্জগঠন
বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের নাট্যানুষ্ঠানে বোমা হামলা চালিয়ে হত্যা মামলায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, ডা. গালিবসহ ৪ আসামীর বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে।
বুধবার বগুড়ার স্পেশাল জজ আনোয়ার হোসেন চার্জ গঠন শেষে আগামী ১৩ মার্চ মামলার সাক্ষ্যের তারিখ ধার্য করেছেন। এছাড়া তিন আসামীর পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে।
অন্য দু’জন আসামী হলেন- জেএমবি বোমা স্কোয়াডের সদস্য শফিকুল্লাহ ও সদস্য জয়নাল সরকার। এদের মধ্যে শফিকুল্ল¬াহ ১৬৪ ধারার জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে, সে অপর তিন আসামীর অনুপ্রেরণায় নাট্যানুষ্ঠানে বোমা হামলা চালায়। বুধবার সকালে র্যাব ও পুলিশের কঠোর প্রহরায় ডা. গালিব, শফিকুল্ল¬াহ ও জয়নাল সরকারকে আদালতে হাজির করা হয়। শায়খ রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে আগেই হুলিয়া ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। স্পেশাল পিপি আতাউর রহমান আদালতে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান। তারা দোষী কিনা জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
স্পেশাল পিপি জানান, আসামীরা যে অপরাধ করেছেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আসামী শফিকুল্ল¬াহর বিরুদ্ধে হত্যা, রক্তাক্ত জখম ও গুরুতর জখমের ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া অপর তিন আসামীর বিরুদ্ধে উল্লি¬খিত ৩টি ধারা ছাড়াও এ কাজে সহযোগিতার ধারায় অভিযোগ আনা হয়।
গত বছর ১৪ জানুয়ারি রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা রওশন শাহ স্কুল মাঠে আয়োজিত নাট্যানুষ্ঠানে জেএমবির জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে ওই গ্রামে হবিবর রহমানের ছেলে ভ্যান চালক শফিকুল ইসলাম নিহত ও মহিলাসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়।
