২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নির্ধারিত বর্ধিত বাসভাড়া শনিবার থেকে কার্যকর

বাস মালিকদের দাবির প্রেক্ষিতে সরকার মিনিবাসের প্রতি কিলোমিটারের ভাড়া ৭৫ পয়সার পরিবর্তে ৮৩ পয়সা এবং ৫০ আসনের বাসের ক্ষেত্রে ৭২ পয়সার স্থলে ৮০ পয়সা ভাড়া নির্ধারণ করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

শনিবার থেকে এ বর্ধিত ভাড়া কার্যকর হবে। তবে বিভিন্ন রুটের নতুন বাস ভাড়ার ব্যাপারে কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনও তালিকা প্রকাশ করেনি।

বিভিন্ন রুটের ভাড়া ঠিক করে তা বিআরটিএ কর্তৃপক্ষকে জানানোর জন্য সরকার সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দিয়েছে।

যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃহস্পতিবার ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নতুন ভাড়ার তালিকা টাঙ্গিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশে যদি কেউ নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া আদায় করে তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্যেও বলা হয়েছে। দরকার হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়।

সরকার কিলোমিটার হিসেবে ভাড়া পুনঃনির্ধারণ করলেও কোনও রুটের ভাড়া কত তা উল্লেখ করেনি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান ড. এমএ মোমেনের সাথে যোগাযোগ করা হলে তিনি একথা স্বীকার করেন।

তিনি বলেন, দুরত্বের ভিত্তিতে বিভিন্ন রুটের নতুন ভাড়া নির্ধারণ করার জন্য বিআরটিএ সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দিয়েছে।

এদিকে, সরকার দুরপাল্লার নন এসি বাসের ভাড়া আট পয়সা করে বৃদ্ধি করলে এসি বাস ও ট্রাকের ভাড়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি।

তাছাড়া ফেরি ভাড়া, সেতুর টোল এবং সংশ্লিষ্ট অন্যান্য করের ব্যাপারে পুনরায় বিবেচনা করা হবে জানিয়েছে সরকার।