২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েসডে গ্রুপ: সরকারের অবস্থান ব্যাখ্যা

টুয়েসডে গ্রুপের স্থগিত হওয়া আন্তর্জাতিক সম্মেলন উদ্যোগকে ‘অননুমতিপ্রাপ্ত’ আখ্যা দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যদি বিদেশী দূতাবাস বা রাষ্ট্রের উদ্যোগকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে, সেক্ষেত্রে আপত্তি জানাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, কোনও সার্বভৌম রাষ্ট্র যদি মনে করে যে, বিদেশী দূতাবাস বা রাষ্ট্রের কোনও পদক্ষেপ তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল, তাহলে তাতে আপত্তি উঠতেই পারে।

পশ্চিমা কূটনীতিকদের অনানুষ্ঠানিক সংগঠন টুয়েসডে গ্রুপ’র সম্মেলন আয়োজনকে সরকার স্বাগত না জানানোয় এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে পররাষ্ট্র সচিব বলেন, নির্বাচনী সংস্কার নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব ছিল সরকারের ‘অননুতিপ্রাপ্ত’।

তিনি বলেন, টুয়েসডে গ্রুপের তথাকথিত সম্মেলনের ব্যাপারে সরকার বেশ কয়েকবার স্পষ্টভাবে তার মত জানিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এবং তার জনগণ গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকার সংবিধানের নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত।

হেমায়েতউদ্দিন বলেন, অতীতের কয়েকটি নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা গ্রহণযোগ্য ছিল। আমাদের দেশের নির্বাচনে জনগণের রায়ই মুখ্য বিষয়।

বুধবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো ফ্যাক্স বার্তায় টুয়েসডে গ্রুপ তাদের সম্মেলন আয়োজনের পদক্ষেপ স্থগিত করার কথা জানায়। তাতে বলা হয়, পরবর্তীতে যে কোনও সুবিধাজনক সময়ে এ সম্মেলন আয়োজন করা হবে।

এতে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার ডেভিড স্প্রাউল বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আন্তর্জাতিক মানের ও সবোৎকৃষ্ট পন্থা অবলম্বনের ক্ষেত্রে সহায়তা প্রদানের উদ্দেশ্যে টুয়েসডে গ্রুপ যে সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছিল, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তা আপাতত স্থগিত করা হয়েছে। ২০০৬ সালের ২২ থেকে ২৩ জানুয়ারিতে এ সম্মেলন আয়োজনের কথা ছিল।

টুয়েসডে গ্রুপের চেয়ারম্যান স্প্রাউল বলেন, আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজনের ব্যাপারে সরকার অনুমতি না দেওয়ায় তারা হতাশ।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার ডেভিড স্প্রাউল ও নরওয়ের রাষ্ট্রদূত অদ লিজে নরহেইম বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের সঙ্গে সাক্ষাত করে সম্মেলন আয়োজনের অনুমতি চান। কিন্তু সরকার তা নাকচ করে দেয়।

সাক্ষাতকালে রিয়াজ রহমান তাদের এ উদ্যোগকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে

হস্তক্ষেপ বলে উল্লে¬খ করেন।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর নিয়ে টুয়েসডে গ্রুপ গঠিত।