ঢাবি’র কার্জন হলে বোমাভীতির মধ্যেও পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বোমা হামলার খবর পেয়ে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ বৃহস্পতিবার হল তল্লাশির প্রস্তুতি নিয়েও বাধা পেয়ে ফিরে আসে। কার্জন হলের পরীক্ষার হলরুমে বোমা রাখার খবর পেয়ে পুলিশ এ প্রস্তুতি নেয়।
কার্জন হলে সায়েন্স ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারেও মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, বোমার খবর পেয়ে পুলিশ হল তল্লাশির প্রস্তুতি নিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসহযোগিতায় পুলিশ পিছিয়ে আসতে বাধ্য হয়।
পুলিশকে হলে প্রবেশের ব্যবস্থা করে দেওয়া হয়নি। এমনকি প্রক্টর আ কা ফিরোজের সাথে যোগাযোগের চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি বলে তিনি জানান।
তবে প্রক্টর এ ব্যাপারে কিছু জানেনা বলে সাংবাদিকদের জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল লতিফ বৃহস্পতিবার দুপুরে একটি চিঠি পান। এতে বলা হয়, শুক্রবার কার্জন হলে পরীক্ষা চলাকালে বোমা হামলা করা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের একজন কর্মকর্তা জানান, শুক্রবারের পরীক্ষা বানচাল করার জন্য এটি একটি সাজানো নাটক ছাড়া আর কিছু না।
পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল লতিফ বিষয়টি সায়েন্স ফ্যাকাল্টির ডিন আরআইএম আমিনুর রশীদকে জানিয়েছেন।
কার্জন হলের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
