ধর্ষণ মামলায় অভিযুক্ত র্যাব কর্মকর্তা জেল হাজতে
অপহরণের পর ধর্ষণের অভিযোগে র্যাব-৪ এর সাব ইন্সপেক্টর (এসআই) উজ্জ্বলকে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত এসআই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিচারক শামসুল আরেফীন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র জানায়, ঝালকাঠি জেলার চাঁদকাঠি গ্রামের মজিদ হাওলাদারের পুত্র উজ্জ্বলের নামে বরাদ্দ মিরপুরের ১১৩/৭ নম্বরের আনসার ক্যাম্পের কোয়ার্টারে ঘটনার শিকার এক যুবতী তার ভাইসহ সাবলেট নেন।
অভিযুক্ত উজ্জ্বল যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিলে রীণা তা প্রত্যাখ্যান করে। পরে চলতি বছরের ৩১ মে রীণার ভাই বাসার বাইরে থাকা অবস্থায় উজ্জ্বল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
প্রথমে তারা মান সম্মানের ভয়ে ব্যাপারটি গোপন রাখে। পরে মিরপুর থানায় উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে পুলিশ যুবতী ও তার ভাইকে ফিরিয়ে দেয়।
বিষয়টি র্যাব কর্তৃপক্ষকে জানানো হলে র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উজ্জ্বলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে রাজি হয়।
এরপর গত ৩০ আগস্ট উজ্জ্বলকে আসামি করে ধর্ষিতা নিজে বাদী হয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেন।
পরে উজ্জ্বল হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলে হাইকোর্ট তিন সপ্তাহের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
