জাবির আবাসিক হলে ৪০ টি কক্ষ ভাংচুর, আহত ৫, তদন্ত কমিটি গঠন
সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলনায়তনে বসাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রুপের হামলায় সভাপতি গ্রুপের পাঁচ জন আহত হয়েছে।
ঘটনার পর সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা মীর মোশাররফ হোসেন হলের ৪০টি কক্ষ ভাঙচুর এবং ২০/২৫ রাউন্ড গুলিবর্ষণ করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করতে হলের আবাসিক শিক্ষক মো. গোলাম মোয়াজ্জেমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
সংশ্লিস্ট সূত্রগুলো জানায়, মঙ্গলবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে আকাশ নামে একজন ছাত্রের সাথে ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের তর্ক হয়। আকাশ পরে মীর মোশাররফ হোসেন হলে গেলে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা তাকে বেদম প্রহার করতে থাকে। এসময় উপস্থিত সভাপতি গ্রুপের কর্মীরা প্রতিবাদ করলে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা তাদের ওপরও চড়াও হয় এবং হলে ব্যাপক ভাংচুর শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা হলের প্রায় ৪০টি কক্ষ ভাঙচুর করে।
