শেখ হাসিনার জন্মদিন পালন করেছে ছাত্রলীগ
ছাত্রলীগ বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৫৯তম জন্মদিন পালন করেছে।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ ব্যান্ডপার্টি, ব্যানার ও ফেস্টুনসহ মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন শেষে কলা ভবনের সামনে একটি সমাবেশ করে। সমাবেশে বক্তারা তাদের নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
সমাবেশে ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ জোট সরকার উৎখাতের লক্ষ্যে সামনে এগিয়ে যাবে।
জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সিনিয়র সহ সভাপতি মারুফা আক্তার পপি, রফিকুল ইসলাম কতোয়াল, বলরাম পোদ্দার, সাইফুজ্জামান শিখর ও খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
