নোয়াখালীর চর জব্বার ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারিদের অপসারণ আদেশ স্থগিত
নোয়াখালীর চর জব্বার ডিগ্রী কলেজের ৩০ জন শিক্ষক কর্মচারিকে পদত্যাগে বাধ্য করার জন্য কলেজের গভর্নিং বডি যে উদ্যোগ নিয়েছে, হাইকোর্ট বুধবার তা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহানসহ শিক্ষক-কর্মচারিদের দায়ের করা একটি সিভিল রিভিশন পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন।
কলেজের গভর্নিং বডি গত ২৩ মে ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মচারিকে পদত্যাগ করার নির্দেশ দেয়।
গভর্নিং বডির নির্দেশ স্থগিত করার আবেদন জানিয়ে ওই শিক্ষক-কর্মচারিরা নোয়াখালীর সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। শিক্ষক-কর্মচারিদের আবেদনের প্রেক্ষিতে সহকারী জজ গভর্নিং বডির আদেশ স্থগিত করার নির্দেশ দেন।
পরে সহকারী জজের এ আদেশের বিরুদ্ধে গভর্নিং বডি জেলা জজ কোর্টে একটি আপিল করেন। ওই আপিল আবেদনের প্রেক্ষিতে জেলা জজ সহকারী জজের দেওয়া আদেশ স্থগিত করে দেন।
পরে জেলা জজের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে কলেজের শিক্ষক-কর্মচারিরা হাইকোর্টে একটি সিভিল রিভিশন পিটিশন দায়ের করেন।
পিটিশনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মুহম্মদ দস্তগীর ও বিচারপতি নির্মলেন্দু ধর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ জেলা জজের দেওয়া আদেশ স্থগিত করেন।
আবেদনকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
