২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের ক্ষতিপূরণের অর্থ পেলেন কঙ্গোয় শাহাদত বরণকারী সেনা ও নৌবাহিনী সদস্যের পরিবার

কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়ার কাফে এলাকায় শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্রোহী মিলিশিয়াদের হামলায় শাহাদত বরণকারী বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যদের পরিবারের কাছে বুধবার জাতিসংঘের ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ওই সব সেনা ও নৌ সদস্যের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩২ লাখ ৪৯ হাজার টাকা।

বুধবার সেনাবাহিনী প্রধান লে. জেনারেল মইন ইউ আহমেদ সেনা সদর দপ্তরে আটজন সেনাসদস্যের পরিবারের কাছে মোট চার লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ কোটি ৫৯ লাখ ৯২ হাজার টাকা।

ক্ষতিপূরণ পাওয়া সেনাবাহিনীর সদস্যরা হচ্ছেন, ক্যাপ্টেন শহীদ আশরাফ খান, ওয়ারেন্ট অফিসার সোহরাব হোসেন তালুকদার, সার্জেন্ট সিরাজুল হক, কর্পোরাল আতাউর রহমান সরকার, প্রাইভেট জহিরুল ইসলাম, আব্দুস সালাম (৪০০৯৬৪৫) ও আব্দুস সালাম (৪০০৯৮৩৭) এবং বেলাল হোসেন।

আইএসপিআর জানিয়েছে, একই ঘটনায় নিহত নৌবাহিনীর সদস্য লিডিং সিম্যান নূরুল ইসলামের পরিবারকে নৌবাহিনী সদর দপ্তর থেকে ক্ষতিপূরণের একই পরিমাণ টাকা দেওয়া হবে।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘ মিশনের কঙ্গোর কাফে এলাকায় বিদ্রোহী মিলিশিয়ারা শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশের নয়জন সেনা ও নৌসদস্য নিহত হয়। ২৮ ফেব্রুয়ারি তাদের মরদেহ বিশেষ বিমানে বাংলাদেশে আনা হয়।

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের মরদেহগুলো রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করেন। তাদের স্মরণে ১ মার্চ জাতীয় শোক দিবস পালন করা হয়।