অধিকার বঞ্চিত আদিবাসী গারোদের সংস্কৃতি ধ্বংসের মুখে: এমএমসি প্রতিবেদন
বাংলাদেশের আদিবাসী বিশেষ করে গারো সম্প্রদায়ের লোকেরা তাদের সংস্কৃতি রক্ষা সহ অন্যান্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং দারিদ্র্যপীড়িত জীবনযাপন করছে।
ম্যাস্ লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, সামাজিক বনায়নের নামে বনভূমি উজাড় করে তাদের জীবিকা, ভাষা, রীতি নীতি তথা সমগ্র জীবন ব্যাবস্থা হুমকির সম্মুখীন করা হচ্ছে।
বাংলাদেশের ১৪ লক্ষাধিক আদিবাসী লোকজনের মধ্যে মধুপুরে বাস করে ১৪ হাজার গারো আদিবাসী। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা হাজার হাজার একর শালবন কেটে সামাজিক বনায়নের নামে সেখানে রাবার চাষ করা হচ্ছে। লাগানো হচ্ছে ইউক্যালিপটাস ও মেহগনির মত গাছ। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আর এর বিরূপ প্রভাব পড়ছে আদিবাসী মান্দিদের ওপর।
বনকে কেন্দ্র করে গড়ে ওঠা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হচ্ছে। পরিবর্তিত সময়ের সাথে তাল রাখতে গিয়ে হারিয়ে যাচ্ছে তাদের নিজস্ব সংস্কৃতি, আচার-অভ্যাস, ভাষাসহ পুরো জীবন ব্যাবস্থা।
সামাজিক বনায়নের নামে আদিবাসী ও স্থানীয়দের ভুমি দখলের কাজও চলছে সমান তালে। সেভ প্রকাশিত ‘বন , বন বিনাশ ও বনবাসীর জীবন সংগ্রাম’ শীর্ষক লেখা থেকে জানা যায়, এশিয়ান ডেভোলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে মধুপুরে সামাজিক বনায়নের চেষ্টায় গত দু’বছরে প্রায় চার হাজার একর বনভূমি জবরদখল করা হয়েছে।
এলাকাটিতে বহিরাগতরা বানিজ্যিকভাবে চাষ করছে কলা ও আনারস। এসব আনারস ও কলায় ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক কীটনাশক এবং হরমোন। আর এই বিষযুক্ত ফলও স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মধুপুর বনে বহিরাগতদের হস্তক্ষেপে গারো সম্প্রদায়ের লোকেরা তাদের নিজ ভাষা, আচার-রীতি নীতি, খাদ্যাভ্যাস, পেশা এবং জীবন ব্যবস্থা ত্যাগ করছে যা তাদের সংস্কৃতি ও অস্তিত্বের প্রতি হুমকি।
কিন্তু সংবাদপত্রে আদিবাসীদের এসব সমস্যার খবর খুব কমই প্রকাশিত হয়। যাও প্রকাশিত হয় তার ধরন গতানুগতিক এবং দায়সারা গোছের। একটি জাতি সত্তার বিলুপ্ত হয়ে যাওয়ার অশংকার চাইতে বানিজ্যিক বিচারে ‘মধুপুরে কলার চাষকে লাভজনক বলে খবরে উল্লেখ করা হয়।
বিশিষ্ট রাজনীতিক, কবি ও লেখক ফরহাদ মজহার তার বন সংক্রান্ত লেখায় বলেছেন, যদি আমরা বন রক্ষা করতে চাই তাহলে বননির্ভর সংস্কৃতি বা জনগোষ্ঠীকে রক্ষা করাই তখন রাষ্ট্রের প্রধান কাজ হয়ে ওঠে। কারণ তারা বন সম্পর্কে বোঝেন, জানেন, এবং বনরক্ষার ক্ষেত্রে যাদের লৌকিক এবং ঐতিহাসিক জ্ঞান রয়েছে , তারাই বন রক্ষার প্রধান সেনাপতি।
