রুগ্ন গার্মেন্টস শিল্পকে চাঙ্গা করা দরকার: সেমিনারে বক্তারা
সরকার, অর্থনীতিবিদ, শিল্পোৎপাদক ও ব্যাংকাররা মঙ্গলবার এক সেমিনারে দেশের ১২ হাজার তৈরি পোশাক শিল্প কারখানা বাঁচানোর ব্যাপারে একমত প্রকাশ করেছেন।
তারা রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলোর দুইটি তালিকা প্রণয়নের প্রস্তাব করেছেন। একটি তালিকা পুনরুৎপাদন করতে আগ্রহী উদ্যোক্তাদের এবং অন্যটি যারা শিল্পোৎপাদনের ব্যাপারে আগ্রহী নয় তাদের নিয়ে। এ ব্যাপারে সমাধানে পৌঁছতে শিল্পমালিকদের সরকার ও ব্যাংকারদের সাথে বৈঠকে বসার ব্যাপারে আহ্বান জানান তারা।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) আয়োজিত ‘রুগ্ন তৈরি পোশাক শিল্প এবং ব্যবসা ও চাকুরির সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি আনিসুল হক।
সেমিনারে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু বক্তব্য রাখেন।
অর্থনীতিবিদ ও শিল্প ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কুতুবুদ্দিন আহমেদ এবং বিজিএমইএর পরিচালক গোলাম সারোয়ার মিলন সেমিনারে বক্তব্য রাখেন।
অধ্যাপক আবু আহমেদ বলেন, সব ইন্ডাস্ট্রি সফল হবে না। সফলতা নির্ভর করে উদ্যোক্তাদের ব্যবস্থাপনা ও দক্ষতার ওপর। সবগুলো ইন্ডাস্ট্রি রুগ্ন নয় বলেও তিনি উল্লেখ করেন।
দেবপ্রিয় ভট্টাচার্য সুর্নির্দিষ্ট ইস্যুতে এগিয়ে যাওয়ার জন্য শিল্পমালিকদের পরমর্শ দিয়েছেন। তিনি শিল্প মালিকদের প্রতি প্রশ্ন রাখেন, সরকার আপনাদের সকল দাবি মেনে নিলে আপনারা কি বিশ্বায়নের প্রতিযোগিতায় আপনারা টিকতে পারবেন কিনা।
সাইফুল ইসলাম বলেন, সরকার একা নয়, এ শিল্পের মাধ্যমে যারা লাভবান হয়েছেন তারাও রুগ্ন শিল্প চাঙ্গা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ফজলুল হক বলেন, আগামী দেড় বছরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোষাক রফতানি বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
বরকতুল্লাহ বুলু রুগ্ন শিল্পের চাহিদা পূরণে তিনি যথাসম্ভব চেষ্টা চালাবেন বলে সেমিনারে আশ্বাস দেন।
সেমিনারে বাণিজ্যমন্ত্রী রুগ্ন শিল্প মালিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
দেশের রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ছয় শ’ কোটি টাকা ঋণ নিয়েছে এবং বর্তমানে এ ঋণ সুদে-আসলে দুই হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
