নিম্নমানের বিস্কুট সরবরাহের জন্য ডব্লিউএফপি’র কালো তালিকায় ‘গ্লোব’
কুড়িগ্রামের স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় বেশকিছু স্কুলে নিম্নমানের বিস্কুট সরবারাহের অভিযোগে বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) তাদের তালিকাভুক্ত আটটি প্রতিষ্ঠানের মধ্য থেকে গ্লোব ফ্যাক্টরিকে কালো তালিকাভুক্ত করেছে।
বিস্কুট তৈরির জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে উদাসীনতার জন্যই গ্লোবকে কালো তালিকাভুক্ত করা হয়।
অন্য কোম্পানিগুলোর বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ পাওয়া গেলে একই ব্যবস্থা গ্রহণ করবে জাতিসংঘ খাদ্য কর্মসূচি।
ডব্লিউএফপি’র সিনিয়র অ্যাডভাইজর উষা মিশ্র মঙ্গলবার তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা ইতিমধ্যেই বিষয়টির তদন্ত সম্পন্ন করেছি এবং আমাদের তালিকাভুক্ত আটটি প্রতিষ্ঠানের মধ্যে নিম্নমানের বিস্কুট সরবরাহ ও প্যাকেজিংয়ে উদাসীনতার জন্য গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক প্রডাক্টসের সাথে চুক্তি বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে প্রতিষ্ঠানটি ডব্লিউএফপি’র সাথে সম্পৃক্ত না হতে পারে সেজন্যই কালো তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে এ ধরনের কোন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উষা মিশ্র জানান, ল্যাব টেস্টে গ্লোবের উৎপাদিত বিস্কুটগুলো খাবার উপযোগি এবং যথাযথ পুষ্টিমান সম্পন্ন হলেও নিম্নমানের কাঁচামাল ব্যবহারের কারণে বিস্কুটগুলোর স্বাদ তিক্ত হয়ে গেছে। তবে যেহেতু এই কার্যক্রমের সাথে শিশুরা যুক্ত রয়েছে তাই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বোপরি এর সাথে জাতিসংঘের ভাবমূর্তিও জড়িত বলে জানান তিনি।
ঘটনা সম্পর্কে উষা মিশ্র জানান, সম্প্রতি কুড়িগ্রামের পাঁচটি স্কুল থেকে অভিযোগ পাওয়ার পর নমুনা সংগ্রহ করে ল্যবরেটরিতে পাঠানো হয় পরীক্ষার জন্য। পরীক্ষায় বিস্কুটগুলোর তিক্ত স্বাদ এবং প্যাকেজিংয়ে যথাযথ মান রক্ষা না করার প্রমান পাওয়া যায়।
এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই গ্লোবের সাথে চুক্তি বাতিল এবং কালো তালিকাভুক্ত করা হয় বলে জানান ডব্লিউএফপি সিনিয়র অ্যাডভাইজর।
উল্লেখ্য, ডব্লিউএফপি বাংলাদেশে গত ত্রিশ বছর যাবত দারিদ্র বিমোচন ও খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ডব্লিউএফপি ৫০ লাখ লোককে তাদের কার্যক্রমের আওতাভুক্ত করেছে।
বাংলাদেশে খাদ্য সঙ্কটাপন্ন এলাকায় সাত লাখ ২৮ হাজার স্কুলগামী শিশুদের স্কুল ফিডিংয়ের আওতায় আনা হয়েছে। স্কুলের শিশুদের প্রতিদিন সকালে ৭৫ গ্রামের এক প্যাকেট পুষ্টিকর বিস্কুট দেয়া হয়। প্রতিপ্যাকেট থেকে শিশুরা ৩০০ ক্যালরি খাদ্যশক্তি পায়, যার মাধ্যমে তাদের দৈনিক পুষ্টি চাহিদার ৭৫ ভাগ পূরণ হয়। এই কার্যক্রম শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝড়ে পড়া রোধ করা ছাড়াও পুষ্টি উন্নয়নেও ভূমিকা রাখছে।
