ভূমি দখলদারিত্ব ঠেকাতে আইন প্রণয়ন দরকার: ভূমি প্রতিমন্ত্রী
ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, রিয়েল এস্টেট ব্যবসায়ীরা নগরীর বিপুল পরিমান খাস জমি দখল করে নিচ্ছে। ভূমি দখলদারিত্ব ঠেকাতে শক্তিশালী আইন প্রনয়ন করা দরকার।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, অসৎ ব্যবসায়ীদের ঠেকাতে পুরানো ও জটিল আইন যথেষ্ট নয়। সরকারি জমি পুনরুদ্ধার করতে নতুন আইন প্রনয়ণ করতে হবে।
মন্ত্রী আরও জানান, রাজধানীর ভূমি রেকর্ড কম্পিউটারাইজড করা হবে। ডেমরার পাইলট প্রকল্পের সাফল্যের পর রাজধানী জুড়ে এ প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তেরে তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) বাংলাদেশ রিপোর্টে এক সময় ভূমি মন্ত্রণালয় সবচেয়ে বেশি দুর্র্নীতিগ্রস্ত বলে উল্লেখ করা হতো। এখন ভূমি মন্ত্রনালয় দুর্নীতি থেকে মুক্ত এবং অধিকতর স্বচ্ছতার সাথে কাজ করছে।
টিআইবি’র সাম্প্রতিক রিপোর্টে পুলিশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করার বিষয়টি উল্লেখ করা হলে ভূমি প্রতিমন্ত্রী কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন।
নাটোর থেকে নির্বাচিত বিএনপির এমপি দুলুকে বাংলা ভাইয়ের সাথে তার সম্পৃক্ততা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বাংলা ভাইয়ের সাথে তার কোন সম্পর্ক নেই।
